ওয়েব ডেস্ক : বিশ্বকাপ ফুটবল (Football world cup 2026) দেখার অভিজ্ঞতায় বড় বদল আসতে চলেছে । ২০৩০ সালের ফিফা বিশ্বকাপের ১০৪টি ম্যাচ সম্প্রচারের স্বত্ব পেয়েছে নেটফ্লিক্স (Netflix)। ১৩ অক্টোবর এই চুক্তির কথা ঘোষণা করা হয়। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলের এত বড় কোনও প্রতিযোগিতা স্পেনে প্রথমবার সম্প্রচার করতে চলেছে জনপ্রিয় এই ওটিটি প্ল্যাটফর্ম। তবে এর অর্থ এই নয় যে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ দেখতেই দর্শকদের টাকা খরচ করতে হবে।
চুক্তি অনুযায়ী, স্পেন ও অ্যান্ডোরায় প্রতিযোগিতার সব ম্যাচ সরাসরি দেখাবে নেটফ্লিক্স। ম্যাচের আগে ও পরে বিশেষ অনুষ্ঠান, বিরতির সময় বিশ্লেষণ এবং প্রতিদিনের গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে আলাদা অনুষ্ঠানও থাকবে। বিশ্বকাপ শুরুর আগে প্রতিযোগিতা ঘিরে আরও নানা ধরনের অনুষ্ঠান সম্প্রচারের পরিকল্পনা রয়েছে প্ল্যাটফর্মটির।
তবে দর্শকদের জন্য বিনামূল্যে খেলা দেখার ব্যবস্থাও রাখা হয়েছে। প্রতিদিন অন্তত একটি ম্যাচ স্পেনে বিনামূল্যে দেখানো হবে। পাশাপাশি স্পেনের জাতীয় দলের সব ম্যাচ, দু’টি সেমিফাইনাল এবং ফাইনাল দেখানোর জন্য একটি বিনামূল্যের সম্প্রচারকারী চ্যানেলকে স্বত্ব দেওয়া হবে। সেই চ্যানেলটির নাম এখনও ঘোষণা করা হয়নি। স্পেনের সরকারি সম্প্রচারকারী টিভিই ২০২৬ সালের বিশ্বকাপে জাতীয় দলের ম্যাচ দেখিয়েছিল। তবে ২০৩০ সালের জন্য তারা স্বত্ব নিতে আগ্রহী কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি।
আরও খবর : স্থগিত হল আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক! হঠাৎ কেন সিদ্ধান্ত বদল বিসিসিআইয়ের?
এই চুক্তির ফলে স্পেন ও অ্যান্ডোরায় বিশ্বকাপের প্রধান সম্প্রচারমাধ্যম হয়ে উঠছে নেটফ্লিক্স। যাঁরা প্রতিযোগিতার প্রতিটি ম্যাচ দেখতে চান, তাঁদের জন্য প্ল্যাটফর্মটির সাবস্ক্রিপশন প্রয়োজন হতে পারে। তবে সাবস্ক্রিপশনের মূল্য বা বিশ্বকাপ দেখার জন্য আলাদা কোনও প্যাকেজ চালু হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। ফলে গোটা প্রতিযোগিতা দেখতে দর্শকদের কত টাকা খরচ করতে হবে, সেই প্রশ্নের উত্তর আপাতত অজানা।
বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতার সম্প্রচারস্বত্ব ওটিটি প্ল্যাটফর্মের হাতে যাওয়ায় ক্রীড়া সম্প্রচারের ভবিষ্যৎ নিয়েও আলোচনা শুরু হয়েছে। একদিকে মোবাইল, কম্পিউটার ও স্মার্ট টিভিতে খেলা দেখার সুবিধা বাড়ছে, অন্যদিকে সব ম্যাচ দেখতে সাবস্ক্রিপশনের প্রয়োজন হলে দর্শকদের খরচও বাড়তে পারে।
২০৩০ সালের বিশ্বকাপের সঙ্গে জড়িয়ে রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। ১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ আয়োজনের শতবর্ষ পূর্ণ হবে ওই বছর। স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে প্রতিযোগিতার আয়োজক। পাশাপাশি উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে শতবর্ষ উপলক্ষে একটি করে ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে। নেটফ্লিক্সের কাছে এই ঐতিহাসিক প্রতিযোগিতা সরাসরি ক্রীড়া সম্প্রচারের ক্ষেত্রে নিজেদের অবস্থান আরও মজবুত করার বড় সুযোগ।
এর আগে ২০২৭ ও ২০৩১ সালের ফিফা মহিলা বিশ্বকাপের সম্প্রচারস্বত্বও পেয়েছে নেটফ্লিক্স। পাশাপাশি বিভিন্ন ধরনের সরাসরি ক্রীড়া অনুষ্ঠান সম্প্রচারের ক্ষেত্রেও নিজেদের পরিসর বাড়াচ্ছে সংস্থাটি।
