ইমরান হাশমির মুখের সামনে আছড়ে পড়ল গাড়ি! অল্পের জন্য রক্ষা অভিনেতার

Must Read

ওয়েব ডেস্ক : অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে বড়সড় বিপদের মুখে পড়লেন বলিউড অভিনেতা ইমরান হাশমি (Emraan Hashmi)। তাঁর আগামী ছবি ‘গানমাস্টার জি৯’-এর ক্লাইম্যাক্স দৃশ্যের শুটিং চলাকালীন ঘটে যায় বিপজ্জনক ঘটনা। ক্রেনের সাহায্যে উপরে তোলা একটি গাড়ি আচমকা উল্টে নীচে দাঁড়িয়ে থাকা কালো রঙের একটি ভ্যানের উপর আছড়ে পড়ে। গাড়িটি ইমরানের মুখের খুব কাছাকাছি চলে এসেছিল বলে প্রকাশ্যে আসা শুটিংয়ের নেপথ্যের ভিডিয়োতে দেখা গিয়েছে। তবে এখনও পর্যন্ত কারও আহত হওয়ার খবর মেলেনি।

ছবির শুটিংয়ের ওই দৃশ্য ঘিরে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে, ক্রেনের সাহায্যে ঝুলিয়ে রাখা গাড়িটি মাঝআকাশে উল্টে যায়। এরপর সেটি নীচে থাকা ভ্যানের উপর গিয়ে পড়ে। অভিনেতার এত কাছে গাড়িটি কীভাবে চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ঘটনাটি পরিকল্পিত অ্যাকশন দৃশ্যের অংশ ছিল, নাকি শুটিং চলাকালীন কোনও ভুল হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়।

আরও খবর :  “হিরো হতে গিয়ে অভিনেতাকে হারাস না,” নানার স্মৃতিচারণ করলেন শাহরুখ

এই প্রথম নয়, ‘গানমাস্টার জি৯’-এর শুটিং ঘিরে এর আগেও বিতর্ক তৈরি হয়েছিল। গত জুনে হরিদ্বারে ছবির শুটিং চলাকালীন সেটে বার কাউন্টার বা মদের দোকানের মতো সাজসজ্জা দেখে স্থানীয়দের একাংশের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। শুটিংয়ের দৃশ্যকে বাস্তব ভেবে আপত্তি ওঠে। বিষয়টি নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছিলেন ছবির প্রযোজক দীপক মুকুট।

প্রযোজকের বক্তব্য ছিল, শুটিংয়ের প্রয়োজনে নির্দিষ্ট সাজসরঞ্জাম ব্যবহার করা হয়েছিল। কারও ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাঁদের ছিল না। স্থানীয়দের সঙ্গে কথা বলেই সমস্যার সমাধান করা হয় বলেও জানিয়েছিলেন তিনি। ইমরান হাশমি ছাড়াও ‘গানমাস্টার জি৯’-এ অভিনয় করছেন জেনেলিয়া ডি’সুজা, অপারশক্তি খুরানা এবং অভিষেক সিং। আদিত্য দত্ত পরিচালিত এই অ্যাকশন-রোম্যান্টিক ছবিটি ২০২৬ সালের ২৭ নভেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা। ছবিটি প্রযোজনা করছেন দীপক মুকুট, হুনার মুকুট ও সঙ্গীতা আহির।

Latest News

‘এক কানে শুনতে পাচ্ছেন না কেরলের ছাত্রী’, পুলিশি লাঠিচার্জ ও হেনস্থার অভিযোগে সরব রাহুল

ওয়েব ডেস্ক : এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে বিক্ষোভে আটক ছাত্রছাত্রী ও যুব কংগ্রেস কর্মীদের উপর...

More Articles Like This