ওয়েব ডেস্ক : তৃণমূল নেতা কুণাল ঘোষের (Kunal Ghosh) নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা পুলিশ কমিশনারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দিয়েছেন, কুণাল ঘোষ যাতে নতুন করে কোনও গণ-আক্রমণের শিকার না হন, তা নিশ্চিত করতে হবে পুলিশকে। একই সঙ্গে তাঁর নিরাপত্তা সংক্রান্ত মামলাটি ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে। ডিম ছোড়ার ঘটনা নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার সঙ্গে কুনালের নিরাপত্তা মামলারও একযোগে শুনানি হবে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানির দিন কুণাল ঘোষের (Kunal Ghosh) নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে কলকাতা পুলিশ কমিশনারকে। তাঁর নিরাপত্তার বর্তমান ব্যবস্থা এবং ভবিষ্যতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই বিষয়ে পুলিশের কী পদক্ষেপ, তা রিপোর্টে উল্লেখ করতে হবে।
এদিন আদালতে কুণাল ঘোষের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন চক্রবর্তী। তিনি জানান, তাঁর মক্কেল শুধু ডিম ছোড়ার ঘটনার শিকার নন, একাধিকবার গণ-আক্রমণের মুখেও পড়েছেন বলে অভিযোগ। আইনজীবীর দাবি, আগে কুণাল ঘোষের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার ব্যবস্থা ছিল। পরে তা কমিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে মাত্র দু’জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকায় তাঁর জীবনের সুরক্ষা নিয়ে উদ্বেগ রয়েছে বলে আদালতে জানান তিনি। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি পাইলট কারের ব্যবস্থাও করার আবেদন জানানো হয়।
আরও খবর : ক্যামাক স্ট্রিট মামলায় হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
আইনজীবী আরও দাবি করেন, ১৫ জুন এবং ২৬ ও ২৭ সেপ্টেম্বরের ঘটনাগুলিকে শুধুমাত্র ডিম ছোড়ার ঘটনা হিসেবে দেখা উচিত নয়। তাঁর অভিযোগ, ওই ঘটনাগুলিতে কুণাল ঘোষকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছিল।
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন তোলেন, কুণাল ঘোষের (Kunal Ghosh) সঙ্গে দু’জন পুলিশকর্মী বা ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে গণ-আক্রমণের মতো ঘটনা ঘটল? নিরাপত্তার ব্যবস্থা থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি তৈরি হওয়ার কারণ নিয়েই প্রশ্ন তুলেছে আদালত। বিচারপতি জানান, নতুন করে কোনও মব অ্যাটাকের স্বীকার যাতে না হয়, তাই সুনিশ্চিত করবে পুলিশ কমিশনার।পাশাপাশি কুণাল ঘোষের নিরাপত্তা সংক্রান্ত মামলা ডিভিশন বেঞ্চে পাঠানো হয়েছে।
