ইউপিআইয়ে নতুন মাশুল! ২০০০ টাকার বেশি লেনদেনে ০.৪% MDR, সমীক্ষায় নগদে ফিরতে চান ৭৬% ইউজার

Must Read

নয়াদিল্লি: এত দিন ছোট-বড় কেনাকাটায় ইউপিআইয়ের মাধ্যমে টাকা মেটানো ছিল কার্যত মাশুলমুক্ত। এ বার সেই ব্যবস্থায় বদল আসছে। আগামী ১৫ অক্টোবর থেকে নির্দিষ্ট ক্ষেত্রে ২০০০ টাকার বেশি মূল্যের ‘পার্সন-টু-মার্চেন্ট’ বা পি২এম ইউপিআই লেনদেনে ০.৪ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (MDR) চালু হচ্ছে। তবে এই মাশুল সরাসরি ক্রেতার উপর চাপানোর কথা নয়।

এই পরিবর্তনের মধ্যেই ইউপিআই ব্যবহারকারীদের মনোভাব নিয়ে একটি সমীক্ষা সামনে এসেছে। লোকালসার্কেলের ওই সমীক্ষায় ২৯১টি জেলার ৬৭ হাজারেরও বেশি ইউপিআই ব্যবহারকারীর মতামত নেওয়া হয়েছে। সমীক্ষার ফল অনুযায়ী, ব্যবসায়ীরা যদি অতিরিক্ত খরচ ক্রেতাদের উপর চাপান, তা হলে ৭৬ শতাংশ উত্তরদাতা নগদ, ক্রেডিট বা ডেবিট কার্ড কিংবা ব্যাঙ্ক ট্রান্সফারের মতো বিকল্প পদ্ধতি বেছে নেওয়ার কথা জানিয়েছেন। মাত্র ১৪ শতাংশ বলেছেন, অতিরিক্ত খরচ দিতে হলেও তাঁরা ইউপিআই ব্যবহার চালিয়ে যাবেন।

তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। নতুন MDR মূলত ব্যবসায়ীদের জন্য প্রযোজ্য। সরকারি ব্যাখ্যা অনুযায়ী, গ্রাহকের কাছ থেকে সরাসরি MDR নেওয়ার কথা নয়। ২০০০ টাকার বেশি নির্দিষ্ট পি২এম লেনদেনে মার্চেন্টদের উপর ০.৪ শতাংশ মাশুল বসবে। ৭৫ হাজার টাকা বা তার বেশি লেনদেনের ক্ষেত্রে এই মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা। ছোট ব্যবসায়ীদের জন্যও নির্দিষ্ট ছাড়ের ব্যবস্থা রয়েছে।

এ দিকে ব্যবসায়ীদের মধ্যেও এই নতুন ব্যবস্থাকে ঘিরে অনীহা রয়েছে। আর একটি লোকালসার্কেল সমীক্ষায় ৩২ হাজারের বেশি ব্যবসায়ী ও মার্চেন্টের মতামত নেওয়া হয়েছিল। সেখানে মাত্র ১৭ শতাংশ ব্যবসায়ী ০.৪ শতাংশ MDR নিজেরা বহন করতে রাজি বলে জানিয়েছিলেন।

ফলে নতুন নিয়ম চালুর পর ব্যবসায়ীরা কী ভাবে অতিরিক্ত খরচ সামলান এবং ইউপিআই ব্যবহারে তার কী প্রভাব পড়ে, এখন সেদিকেই নজর।

Latest News

হরষে বিষাদ, পুনেয় পিকনিকে গিয়ে জলে ডুবে মৃত্যু ৮ পড়ুয়ার

ওয়েব ডেস্ক: পিকনিকের আনন্দ পর্যবসিত হল ভয়াবহ বিষাদে। প্রাইভেট কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা ঘুরতে গিয়েছিল সমুদ্র সৈকতে। জলে ডুবে মৃত্যু...

More Articles Like This