কলকাতা: বাঁশের নৌকা বা ভেলার মাধ্যমে পারাপার এ বার বন্ধ গোটা রাজ্যে। নদী বা জলপথে মানুষ কিংবা কোনও যানবাহন পারাপারে বাঁশের তৈরি নৌকা ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি গুঘে এবং বিচারপতি ওম নারায়ণ রায়ের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণ, “একটা প্রাণ যদি বাঁচে, তাহলে আদালতের উদ্দেশ্য সফল হবে।” ঝুঁকিপূর্ণ ভাবে জলপথে পারাপারের ফলে দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে বলেই এই বিষয়ে কড়া অবস্থান নিয়েছে আদালত।
ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী, রাজ্যের কোথাও বাঁশের নৌকার মাধ্যমে মানুষ বা কোনও ধরনের যানবাহন পারাপার করা যাবে না। আদালতের এই নির্দেশ অমান্য করে কোথাও এমন পারাপার চললে স্থানীয় প্রশাসনকে দ্রুত পদক্ষেপ করতে হবে। নির্দেশ অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারের কথাও বলা হয়েছে।
এই নির্দেশ কার্যকর করার দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় প্রশাসনের উপর। রাজ্যের কোথাও যাতে আদালতের নির্দেশ অমান্য করে বাঁশের নৌকা বা ভেলার মাধ্যমে পারাপার না হয়, তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে।
শুধু মানুষ নয়, বাঁশের নৌকার মাধ্যমে কোনও যানবাহনও পারাপার করা যাবে না বলে স্পষ্ট করেছে আদালত। ফলে নদী বা জলপথে এই ধরনের অস্থায়ী পারাপার ব্যবস্থার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হল।
আদালত আরও নির্দেশ দিয়েছে, এই বিষয়ে রাজ্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে এবং সেই পদক্ষেপের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে। আগামী ৭ অক্টোবর রাজ্যকে ওই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থাৎ, রাজ্যের বিভিন্ন এলাকায় বাঁশের নৌকা বা ভেলা ব্যবহার করে যে সমস্ত অনিয়ন্ত্রিত পারাপার চলে, তা বন্ধ করতেই এই নির্দেশ। এখন প্রশাসন কী ভাবে আদালতের নির্দেশ কার্যকর করে, সে দিকেই নজর থাকবে।
