ওয়েব ডেস্ক : বাংলায় জঙ্গি সংগঠনের নেটওয়ার্ক তৈরির অভিযোগ! এ নিয়ে মঙ্গলবার সকাল থেকেই তৎপর জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ (NIA)। অসমে দায়ের হওয়া একটি মামলার তদন্তের সূত্র ধরে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় একযোগে তল্লাশি শুরু হয়েছে। দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর, পূর্ব বর্ধমান এবং ডায়মন্ড হারবার-সহ মোট পাঁচটি জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা পৌঁছেছেন বলে জানা গিয়েছে।
তদন্ত সূত্রে খবর, অসমে (Assam) সম্প্রতি গ্রেফতার হওয়া এক যুবককে জিজ্ঞাসাবাদ করে বাংলার সঙ্গে যোগ থাকা বেশ কিছু তথ্য সামনে আসে। তদন্তকারীদের দাবি, ওই যুবকের ল্যাপটপ এবং অন্যান্য নথি পরীক্ষা করেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই সূত্র ধরেই বাংলার কয়েকজন যুবককে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করার অভিযোগ খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
আরও খবর : রোদ ঝলমলে আকাশ, সঙ্গে ভ্যাপসা গরম! পুজোর আগে কেমন থাকবে আবহাওয়া?
এনআইএ সূত্রে খবর, জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের কথিত মডিউল বাংলায় সক্রিয় করার চেষ্টা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে রাজ্যে কোনও ধরনের স্লিপার সেল তৈরির পরিকল্পনা ছিল কি না, সেই বিষয়েও তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তবে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে থাকায় তল্লাশিতে কী কী উদ্ধার হয়েছে বা কারও বিরুদ্ধে নতুন করে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
এদিনের অভিযানে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুর এবং ডায়মন্ড হারবারের দুটি জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের একটি ঠিকানাতেও তল্লাশি চালানোর খবর মিলেছে। তদন্তকারীরা মূলত নথিপত্র, ডিজিটাল ডিভাইস এবং সন্দেহভাজন যোগাযোগের তথ্য খতিয়ে দেখছেন বলে সূত্রের খবর।
