সাপের কামড়, হাসপাতালে না গিয়ে ওঝা-হাতুড়ের দ্বারস্থ পরিবার! প্রাণ গেল ৮ বছরের শিশুর

Must Read

ওয়েব ডেস্ক : সকালেই মেয়ের মুখে শুনেছিলেন সাপে (Snake) কামড়ানোর কথা। কিন্তু আশঙ্কার কথা মাথায় এলেও সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাননি বাবা-মা। শুরু হয় ওঝার কাছে ছোটাছুটি। সেখানে ঝাড়ফুঁকের পরও শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় নেওয়া হয় এক হাতুড়ে চিকিৎসকের কাছে। একের পর এক জায়গায় সময় পেরিয়ে যাওয়ার পর শেষমেশ হাসপাতালে পৌঁছয় পরিবার। কিন্তু চিকিৎসকদের আর কিছু করার ছিল না।

হাবড়ার (Habra) মারাকপুরে এই ঘটনায় মৃত্যু হয়েছে আট বছরের এক বালিকার। পরিবার সূত্রে খবর, রবিবার সকালে নিজেই বাবা-মাকে সাপে কামড়ানোর কথা জানায় সে। এরপর আচমকাই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। মুখ দিয়ে গ্যাঁজলা বেরোতে শুরু করে এবং ধীরে ধীরে শরীর নিস্তেজ হয়ে আসে।

আরও খবর :  দুর্বল নিম্নচাপ, কমছে বৃষ্টির দাপট! আজ কলকাতা-সহ কোথায় বৃষ্টি, কেমন থাকবে পুজোর আগের আবহাওয়া

এরপর স্থানীয় এক ওঝার কাছে মেয়েকে নিয়ে যান বাবা-মা। বেশ কিছুক্ষণ ঝাড়ফুঁক চলার পর শিশুটির পরিস্থিতি দেখে হাসপাতালের পরামর্শ দেওয়া হয় বলে পরিবারের দাবি। কিন্তু তাতেও দ্রুত হাসপাতালে পৌঁছনো হয়নি। পরে এক হাতুড়ে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে ওষুধ ও অক্সিজেন দেওয়ার পর শিশুটিকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছিল বলে জানা গিয়েছে।

কিছুক্ষণ পর ফের শারীরিক অবস্থার অবনতি হয়। তখন তড়িঘড়ি হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ওই শিশুকে। কিন্তু শেষ রক্ষা হল না। পরিবারের এক আত্মীয়ের দাবি, শিশুটির আধার কার্ড বা জন্মের শংসাপত্র না থাকায় হাসপাতালে নিয়ে যাওয়া নিয়েও পরিবারের মধ্যে দ্বিধা তৈরি হয়েছিল। হাসপাতাল সূত্রে খবর, সোমবার ময়নাতদন্ত করা হবে ওই শিশুর।

Latest News

দূষণ রুখতে বড় সিদ্ধান্ত, নভেম্বর থেকে ৫০ শতাংশ কর্মী করবেন ওয়ার্ক ফ্রম হোম!

ওয়েব ডেস্ক : শীতের মরশুমে দিল্লির (Delhi) বায়ুদূষণ নিয়ন্ত্রণে এবার আগেভাগেই একাধিক পদক্ষেপ ঘোষণা করল দিল্লি সরকার। মুখ্যমন্ত্রী রেখা...

More Articles Like This