দেবাশিস সেনগুপ্ত: রাজ্য পুলিশে ফের বড়সড় রদবদল। একসঙ্গে ২৩ জন পুলিশ আধিকারিককে নতুন দায়িত্বে পাঠাল রাজ্য সরকার। বদল করা হয়েছে কলকাতা পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ পদেও। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর। এর আগে সেপ্টেম্বরের মাঝামাঝিও রাজ্য পুলিশে ২৩ জন আধিকারিকের পদোন্নতি ও দায়িত্ব পুনর্বিন্যাস করা হয়েছিল। ফলে অল্প সময়ের ব্যবধানে ফের বড়সড় রদবদল হল পুলিশ প্রশাসনে।
স্বরাষ্ট্র দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি করা হয়েছে। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে পাঠানো হয়েছে। অন্যদিকে, কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডেপুটি কমিশনার স্পর্শ নীলাঞ্জলিকে গোয়েন্দা বিভাগের (ডিডি) ডেপুটি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
একই সঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ প্রশাসনিক স্তরেও নতুন দায়িত্ব বণ্টন করা হয়েছে। কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকণ্ঠম। এত দিন তিনি রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজিপি পদে ছিলেন।
শহরের ট্রাফিক ব্যবস্থাপনাতেও বদল আনা হয়েছে। নতুন যুগ্ম কমিশনার (ট্রাফিক) করা হয়েছে আইপিএস ডঃ ভোলানাথ পাণ্ডেকে। তিনি এত দিন রাজ্য পুলিশের ডিআইজি, আইবি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন।
নিরাপত্তা ব্যবস্থাতেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) পদে থাকা আইপিএস সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) করা হয়েছে।
এ ছাড়াও আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএসটিএস-এর আইজিপি করা হয়েছে। তিনি এত দিন এসসিআরবি-র আইজিপি পদে ছিলেন। হাওড়ার আইজি পদে থাকা আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তীকে এসসিআরবি-র আইজিপি করা হয়েছে।
ফলে একসঙ্গে কলকাতা পুলিশের শীর্ষ প্রশাসন, ট্রাফিক, নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগে যেমন নতুন দায়িত্ব বণ্টন হয়েছে, তেমনই রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দপ্তরেও আধিকারিকদের পুনর্বিন্যাস করা হয়েছে। শুক্রবারের বিজ্ঞপ্তিতে মোট ২৩ জন আধিকারিকের বদলি ও নতুন দায়িত্বের কথা জানানো হয়েছে।
