ওয়েব ডেস্ক : এল নিনোর (El Nino) প্রভাবে আগামী ছয় মাসে বিশ্বজুড়ে তীব্র গরমে অতিরিক্ত ৪ লক্ষ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করল ক্লাইমেট ইমপ্যাক্ট ল্যাব। সেপ্টেম্বর ২০২৬ থেকে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত সময়ের জন্য এই হিসাব করা হয়েছে। গবেষকদের মতে, গ্লোবাল সাউথের দেশগুলিতে এই মৃত্যুর বোঝা সবচেয়ে বেশি পড়তে পারে।
প্রতিবেদন অনুযায়ী, নাইজেরিয়ায় ৩১ হাজার ৪০০, সুদানে ১৭ হাজার ৫০০, নাইজারে ১০ হাজার এবং চাদে ৮ হাজার মৃত্যুর আশঙ্কা করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ফিলিপিন্স, ভিয়েতনাম, থাইল্যান্ড ও কম্বোডিয়ায় মিলিয়ে প্রায় ১৯ হাজার ৪০০ এবং ইন্দোনেশিয়ায় ১৯ হাজার ৩০০ অতিরিক্ত মৃত্যুর অনুমান করা হয়েছে।
আরও খবর : প্রায় ১০০ বছর পর বার্লিনে বামেদের বড় জয়! উত্তর-পূর্ব জার্মানিতে বাজিমাত এএফডি-র, চাপে মার্ৎস,
রিপোর্টে বলা হয়েছে, ভারতে তাপজনিত অতিরিক্ত মৃত্যুর সংখ্যা প্রায় ১৫ হাজার ৮০০ হতে পারে। ব্রাজিলে এই সংখ্যা ১৩ হাজার ৩০০ বলে অনুমান করা হয়েছে। গবেষকদের মতে, এই হিসাব কোনও পূর্ববর্তী মৃত্যুর তালিকা নয়। ১৯৯৬ থেকে ২০২৫ সালের গড় পরিস্থিতির তুলনায় অতিরিক্ত মৃত্যুর সম্ভাব্য সংখ্যা হিসেব করা হয়েছে।
বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, এল নিনো (El Nino) পরিস্থিতি আরও শক্তিশালী হতে পারে। নভেম্বর-ডিসেম্বরে এর প্রভাব সর্বোচ্চ পর্যায়ে পৌঁছতে পারে। ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত এল নিনো স্থায়ী থাকার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানানো হয়েছে। তাপপ্রবাহ মোকাবিলায় আগাম সতর্কতা, শীতলীকরণ কেন্দ্র, পানীয় জলের ব্যবস্থা এবং স্বাস্থ্য পরিষেবা জোরদার করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।
