ওয়েব ডেস্ক : বিহারের (Bihar) জামুইয়ের ঘটনার পর এবার সমস্তিপুরে (Samastipur) ক্যামেরার সামনে এক তরুণীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল। ঘটনার ৫৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ (Police)। ঘটনাটি ঘটেছে বুধবার কর্পূরিগ্রাম থানার অন্তর্গত জগতসিংহপুর গ্রামের ড্যাম বাইপাস রোডে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিডিয়োয় একদল যুবককে তরুণীকে ঘিরে থাকতে দেখা যায়। তাঁদের মধ্যে একজন বারবার তরুণীর হাত ধরে টানাটানি করছিল বলে অভিযোগ। অন্য এক যুবক তাঁকে মারার চেষ্টা করে বলেও ভিডিয়োয় দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ভিডিয়োয় থাকা চার অভিযুক্তকে তাঁদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
আরও খবর : এসি বিস্ফোরণ থেকে আগুন, গ্রেটার নয়ডায় চলন্ত বাসে পুড়ে মৃত ৯
অভিযোগ, এক যুবকের সঙ্গে বাইপাস রোডে গিয়েছিলেন তরুণী। সেখানে ছবি তোলার সময় কয়েকজন স্থানীয় যুবক তাঁদের কাছে আসে এবং তরুণীকে গালিগালাজ ও হেনস্থা করতে শুরু করে। গোটা ঘটনার ভিডিয়ো মোবাইল ফোনে রেকর্ড করা হয়। পরে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে ভিডিয়োটি ঠিক কবে রেকর্ড করা হয়েছিল, তা এখনও নিশ্চিত নয়।
এদিকে জামুইয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা ও শ্লীলতাহানির অভিযোগের কয়েকদিনের মধ্যেই সমস্তিপুরের এই ঘটনা সামনে এল। জামুইয়ের ঘটনাতেও অভিযুক্তদের বিরুদ্ধে ভিডিয়ো রেকর্ড করার অভিযোগ উঠেছিল। পরপর এই ধরনের ঘটনা সামনে আসায় বিহারে মহিলাদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।
