ওয়েব ডেস্ক : ডিসেম্বর মাসে আমেরিকা (America) সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র (Narendra Modi)ফ্লোরিডায় ১৪ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলা জি২০ নেতৃবৃন্দের সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নেতৃত্বে আয়োজিত এই সম্মেলন হবে ট্রাম্প ন্যাশনাল ডোরাল মিয়ামি রিসর্টে। তবে মোদীর সফর নিয়ে ভারত সরকারের তরফে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
সফর চূড়ান্ত হলে জি২০ সম্মেলনের (G20 Summit) ফাঁকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে পারেন প্রধানমন্ত্রী মোদি। ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, প্রযুক্তি, জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সংক্রান্ত সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে। রাশিয়া থেকে ভারতের তেল কেনাকে কেন্দ্র করে মার্কিন শুল্কের হুমকির আবহে সম্ভাব্য বৈঠকটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর আগেই জানিয়েছিলেন, জি২০ সম্মেলনের (G20 Summit) সময় ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে পারেন নরেন্দ্র মোদি। সম্মেলনের পাশাপাশি ভারত, আমেরিকা, জাপান এবং অস্ট্রেলিয়ার মধ্যে কোয়াড নেতাদের বৈঠকের প্রস্তুতিও চলছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, গুরুত্বপূর্ণ খনিজ, উদীয়মান প্রযুক্তি এবং দুর্যোগ মোকাবিলার মতো বিষয় বৈঠকে গুরুত্ব পেতে পারে।
জি২০ সম্মেলনের পর প্রধানমন্ত্রী মোদির কানাডা সফরের সম্ভাবনাও রয়েছে বলে কূটনৈতিক সূত্রের খবর। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। দুই দেশ বর্তমানে সর্বাঙ্গীণ অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনা চালাচ্ছে। তবে মোদির আমেরিকা ও কানাডা সফরের চূড়ান্ত সূচি এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।
