ওয়েব ডেস্ক : প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার (National Film Award) পেয়ে আবেগে ভাসলেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম (Yami Gautam)। ‘আর্টিকেল ৩৭০’ (Article 370) ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তিনি। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে সম্মান গ্রহণ করেন অভিনেত্রী।
পুরস্কার পাওয়ার পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ইয়ামি জানান, এই মুহূর্তের গুরুত্ব এখনও পুরোপুরি উপলব্ধি করার চেষ্টা করছেন তিনি। তাঁর কথায়, একজন শিল্পীর কাছে এমন সম্মান অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। স্বপ্ন নিয়ে শহরে আসা সমস্ত শিল্পীর পক্ষ থেকেও এই অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী। ইয়ামি (Yami Gautam) বলেন, পরিশ্রম করে যেতে হবে এবং ভালো কাজের দিকে মন দিতে হবে। জীবনে কখন এমন সম্মান আসবে, তা আগে থেকে জানা যায় না। নিজের যাত্রাপথ সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, এখনও অনেক কিছু শেখা এবং অনেক কাজ করা বাকি রয়েছে।
আরও খবর : শোভন-সোহিনীর ঘরে এল পুত্রসন্তান, সোশ্যাল মিডিয়ায় সুখবর জানালেন তারকা দম্পতি
আদিত্য সুহাস জাম্বালের পরিচালনায় তৈরি ‘আর্টিকেল ৩৭০’ (Article 370) ছবিতে ইয়ামি গৌতমের পাশাপাশি প্রিয়ামণি, স্কন্দ ঠাকুর, অশ্বিনী কৌল, বৈভব তত্ত্ববাদী, অরুণ গোভিল ও কিরণ কারমারকর অভিনয় করেছেন। ছবিটির সহ-লেখক আদিত্য ধর, মোনাল ঠাকর ও অর্জুন ধাওয়ান।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের ঘটনাকে কেন্দ্র করে ছবিটি তৈরি হয়েছে। ২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে মুক্তি পায় সিনেমাটি। প্রায় ২০ কোটি টাকা বাজেটে তৈরি ছবিটি বক্স অফিসে ১১০ কোটি টাকা আয় করে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘আর্টিকেল ৩৭০’ সেরা ফিচার ফিল্ম এবং সেরা সংগীত পরিচালনার পুরস্কারও পেয়েছে। সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন শাশ্বত সচদেব।
