ওয়েব ডেস্ক : দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের (Bank Strike) ডাক ঘিরে কর্মীদের কাজে যোগ দেওয়ার আবেদন জানাল কেন্দ্রীয় সরকার (Central Government)। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস এবং কয়েকটি কর্মী সংগঠন। পাঁচ দিনের ব্যাঙ্কিং ব্যবস্থা চালু করা এবং পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ বা পিএলআই প্রকল্প প্রত্যাহারের দাবিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার এবং ২৭ সেপ্টেম্বর রবিবারের ছুটির পর ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশজুড়ে তিন দিনের ব্যাঙ্ক ধর্মঘট। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) এবং ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI) জানিয়েছে, ধর্মঘট চলাকালীন অত্যাবশ্যকীয় ব্যাঙ্কিং পরিষেবা চালু রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে। তবে শাখার কাজকর্ম প্রভাবিত হতে পারে। তাই গ্রাহকদের আগে থেকেই প্রয়োজনীয় লেনদেন সম্পূর্ণ করার পরামর্শ দেওয়া হয়েছে।স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গ্রাহকদের জানানো হয়েছে, ধর্মঘটের আগে জরুরি ব্যাঙ্কিং কাজ সেরে নিতে। নগদ টাকার প্রয়োজন হলে এটিএম এবং অন্যান্য নগদ তোলার সুবিধা ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি গ্রাহক সেবা কেন্দ্র, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইয়োনো, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই ও অন্যান্য ডিজিটাল পরিষেবা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে জানানো হয়েছে, বিস্তারিত আলোচনার পর কর্মীদের একটি দাবি মেনে পিএলআই (PLI) প্রকল্প আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের বক্তব্য, ধর্মঘটের ফলে ব্যাঙ্কিং পরিষেবা ব্যাহত হয় এবং সাধারণ মানুষ সমস্যায় পড়েন। পাশাপাশি ব্যাঙ্কের ব্যবসায়িক কাজকর্মে প্রভাব পড়ে, যার শেষপর্যন্ত ক্ষতি হয় ব্যাঙ্ক কর্মীদেরও।
কেন্দ্রের তরফে কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানানো হয়েছে। সরকারের আবেদন, ব্যাঙ্কিং পরিষেবা যাতে কোনওভাবেই ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে কর্মীরা সহযোগিতা করুন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক জানিয়েছে, ব্যাঙ্ক কর্মীদের কাজের পরিবেশ, স্বচ্ছতা এবং কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেতন ও ভাতা বৃদ্ধি, সব স্তরের কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ এবং কর্মী নিয়োগ বৃদ্ধি।
এছাড়াও সময়মতো পদোন্নতি নিশ্চিত করতে প্রমোশন প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রক। ২০১৫ সালে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার সরকারি ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছিল বলেও উল্লেখ করা হয়েছে। ব্যাঙ্ক ধর্মঘটের আগে কেন্দ্রের আবেদন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করুন কর্মীরা।
