ওয়েব ডেস্ক: ক্ষমা চাইল বম্বে আইআইটি (IIT Bombay)। দ্বিতীয় বর্ষের ছাত্র সাহিল ওয়াকোড়ের (Sahil Wakode) আত্মহত্যা নিয়ে আগে যা বলেছিল ওই শিক্ষা প্রতিষ্ঠান, তার প্রেক্ষিতেই এই নতুন বিবৃতি। বম্বে আইআইটি জানিয়েছে, ছাত্রটির আত্মহত্যার আগে পর্যন্ত যা যা ঘটেছিল তার যথাযথ তদন্ত করা হচ্ছে। তবে সেই সঙ্গে এও জানানো হয়েছে, প্রতিষ্ঠানের ডিরেক্টর শিরীষ কেদারে পদত্যাগ করেননি।
বম্বে আইআইটি টুইট করে তাদের নতুন বিবৃতিতে বলল, “সাহিলের দুর্ভাগ্যজনক মৃত্যুকালীন পরিস্থিতি সম্পর্কে আমাদের পূর্ববর্তী বিবৃতিতে থাকা মন্তব্যের জন্য আমরা ক্ষমাপ্রার্থী।” টুইটে আরও বলা হয়েছে, ঘটনাটির বিস্তারিত বিবরণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি উপযুক্ত কর্তৃপক্ষের তদন্তাধীন রয়েছে এবং তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়ার আগেই তার মৃত্যুর আগের ঘটনাপ্রবাহকে কোনও বিশেষ রূপ দেওয়া বা ব্যাখ্যা করা অনুচিত।
আরও পড়ুন: ভোটার তালিকায় ‘অমিল’, সপরিবারে SIR নোটিস আডবানিকে!
এর আগের বিবৃতিতে জানানো হয়েছিল, পরীক্ষার হলে চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে ধরা পড়ার জন্য ওই ছাত্রের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়নি। প্রশিক্ষক ও বিভাগীয় প্রধান ওই শিক্ষার্থীর সঙ্গে ঘটনাটি নিয়ে আলোচনা করেছিলেন। তাঁকে প্রয়োজনীয় পরামর্শ ও আশ্বাস দেওয়া হয়েছিল যে, এই ঘটনার ফলে তাঁর শিক্ষাজীবনে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না।
এরপর ওই ছাত্র তাঁর হোস্টেলের ঘরে ফিরে যান। পরে সন্ধ্যায় তাঁকে সেখানেই মৃত অবস্থায় পাওয়া যায়। শিক্ষা প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওই শিক্ষার্থীর মৃত্যুতে তারা ‘গভীরভাবে শোকাহত’ এবং তারা তাঁর বন্ধু, সহপাঠী, শিক্ষক ও এই ঘটনায় ক্ষতিগ্রস্ত অন্যদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।
