ওয়েব ডেস্ক : এবার সুইডেনের (Sweden) সংসদে নির্বাচিত হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি নীলা ভিখে পাটিল (Nila Vikhe Patil)। ৪১ বছর বয়সি নীলা গ্রিন পার্টির হয়ে স্টকহোম সিটি কেন্দ্র থেকে জয় পেয়েছেন। তাঁর এই নির্বাচনী সাফল্যের পর ভারত, বিশেষ করে মহারাষ্ট্রের সঙ্গে তাঁর পারিবারিক যোগ নিয়ে চর্চা শুরু হয়েছে।
কে এই নীলা ভিখে পাটিল?
মহারাষ্ট্রের শিক্ষাবিদ অশোক ভিখে পাটিলের মেয়ে নীলা (Nila Vikhe Patil)। তিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বালাসাহেব ভিখে পাটিলের নাতনি এবং মহারাষ্ট্রের মন্ত্রী রাধাকৃষ্ণ ভিখে পাটিলের ভাইঝি। তাঁর প্রপিতামহ ভিতলরাও ভিখে পাটিল এশিয়ার প্রথম সমবায় চিনি কারখানা প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
আরও খবর : মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা! এক রাতে ১১০০ ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার
সুইডেনে জন্ম হলেও নীলার (Nila Vikhe Patil) শৈশবের কিছু সময় কেটেছে মহারাষ্ট্রের আহমেদনগরে। পরে তিনি সুইডেন ও ইউরোপে পড়াশোনা করেন। গোথেনবার্গ স্কুল অব বিজনেস থেকে অর্থনীতি ও আইন নিয়ে পড়াশোনা করার পাশাপাশি মাদ্রিদের কমপ্লুতেন্স বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। রাজনীতিতেও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে নীলার। তিনি সুইডেনের গ্রিন পার্টির সঙ্গে যুক্ত। স্টেফান লোফভেনের প্রধানমন্ত্রীত্বের সময়ে প্রধানমন্ত্রীর দফতরে রাজনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। অর্থনীতি, করব্যবস্থা ও আবাসন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে স্টকহোম সিটি কাউন্সিলেও দায়িত্ব পালন করেন।
সংসদে নির্বাচিত হওয়ার পর নীলা জানিয়েছেন, ভোট দিতে পারেন না এমন মানুষের হয়ে তিনি কথা বলতে চান। পাশাপাশি, প্রত্যেক শিশুর উন্নত ভবিষ্যৎ এবং পরিবেশ রক্ষার বিষয়েও কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মহারাষ্ট্রের রাজনৈতিক পরিবারের উত্তরাধিকার থাকলেও নীলার রাজনৈতিক কর্মজীবনের বড় অংশ গড়ে উঠেছে সুইডেনেই। এবার স্টকহোম সিটি থেকে নির্বাচিত হয়ে তিনি ৩৪৯ সদস্যের সুইডিশ সংসদে জায়গা করে নিলেন।
