ওয়েব ডেস্ক : প্রতীক এবং দলের নাম নিয়ে টানাপোড়েনের মধ্যেই নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) বড় মোড়। একদিকে প্রতীক ও দলের নাম হারিয়েছে মমতা শিবির। তার পর সঞ্চিতা প্রধান দে শুক্রবার নিজের মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার পর নন্দীগ্রামে আর প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফলে নন্দীগ্রামের উপ নির্বাচন থেকে সরে গেল কালীঘাট শিবির। কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠকে তিনি জানান, নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে সমর্থন করবে তাঁর শিবির।
এর আগে নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী হিসেবে সঞ্চিতা প্রধান দে-র নাম ঘোষণা করা হয়েছিল। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে দুই তৃণমূল শিবিরের জন্য নতুন নাম ও প্রতীক বরাদ্দ হওয়ার পরই নন্দীগ্রামের পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আসে। সঞ্চিতা নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই হলদিয়ায় গিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেন তিনি। ফলে নন্দীগ্রামে মমতা শিবিরের কোনও প্রার্থী আর রইল না।
আরও খবর : প্রতীক বদলের পরেই নবান্নে সঞ্চিতা! শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ ঘিরে নতুন জল্পনা
সঞ্চিতা কেন প্রার্থীপদ প্রত্যাহার করলেন, সে বিষয়ে এখনও তাঁর তরফে প্রকাশ্যে কোনও বিস্তারিত কারণ জানানো হয়নি। তবে তাঁর নবান্ন-সাক্ষাৎ এবং পরবর্তী মনোনয়ন প্রত্যাহার ঘিরে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
কালীঘাটে সাংবাদিক বৈঠকে মমতা জানান, সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, ‘‘নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন করব বলে আগেই ভেবে রেখেছিলাম। বৃহত্তর স্বার্থে দেশের জন্য সমর্থন। ওরা সিস্টার পার্টি।” তাঁর বক্তব্য অনুযায়ী, বৃহত্তর স্বার্থে এবং ইন্ডিয়া জোটকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত। নন্দীগ্রামে কংগ্রেসের প্রার্থী মিলন প্রধান। অন্যদিকে রেজিনগর উপনির্বাচনে তাঁর শিবির কী করবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন মমতা।
