দিল্লিতে ১৭ বছরের কিশোরীকে গণধর্ষণের পর খুনের অভিযোগ, গ্রেফতার ৪

Must Read

ওয়েব ডেস্ক : দিল্লির (Delhi) স্বরূপ নগর এলাকায় ১৭ বছরের এক কিশোরীকে গণধর্ষণের পর ছুরি মেরে খুন (Murder) করার অভিযোগ উঠেছে চার জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে তিন জন নাবালক। পুলিশ জানিয়েছে, খুনের পর কিশোরীর দেহ উত্তর-পশ্চিম দিল্লির একটি খোলা মাঠে ফেলে দেওয়া হয়েছিল। কয়েক দিন পর দেহটি উদ্ধার হয়।

পুলিশের দাবি, কিশোরী এবং অভিযুক্তরা পরস্পরের পরিচিত ছিল। ঘটনার দিন একটি টেম্পোয় করে তারা একসঙ্গে যাচ্ছিল। অভিযোগ, টেম্পোর ভিতর সকলে মদ্যপান করার পর কিশোরীকে যৌন নির্যাতন করা হয়। এরপর ছুরি দিয়ে আঘাত করে তাঁকে খুন করা হয় এবং দেহটি একটি মাঠে ফেলে দেওয়া হয়।

জানা গিয়েছে, ১৩ সেপ্টেম্বর কুশাক রোডের কাছে জয়পাল রানার মাঠ সংলগ্ন এলাকা থেকে কিশোরীর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দেহটি এতটাই পচে গিয়েছিল যে প্রথমে তার লিঙ্গও নিশ্চিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। দেহের কিছু অংশ পথকুকুরে টেনে নিয়ে যায় বলেও তদন্তকারীদের দাবি। পরিবারের তরফে কিশোরীর নিখোঁজ হওয়ার কোনও অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা জানিয়েছেন, ওই কিশোরী মাঝেমধ্যেই কয়েক দিনের জন্য বাড়ির বাইরে থাকতেন এবং পরে ফিরে আসতেন।

আরও খবর : মাত্র ৫ মিনিটের গুগল মিট! একসঙ্গে চাকরি গেল ৮০ ভারতীয় কর্মীর

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। প্রায় ৫০টিরও বেশি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হয়। তদন্তকারীদের নজরে আসে একটি টেম্পো। অন্ধকারের কারণে প্রথমে গাড়িটির নম্বর স্পষ্টভাবে দেখা যায়নি। পরে বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ মিলিয়ে টেম্পোটির গতিবিধি অনুসরণ করা হয়।

১৫ ও ১৬ সেপ্টেম্বরের মধ্যবর্তী রাতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানোর পর টেম্পোটিকে শনাক্ত করে পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদ করার পর তদন্তে আরও তিন জনের নাম উঠে আসে বলে পুলিশ জানিয়েছে। এরপর চার জনকে আটক করা হয়। প্রাপ্তবয়স্ক অভিযুক্তের নাম শিবম ওরফে সুদামা ওরফে চুচু। তিনি খাড্ডা কলোনির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। বাকি তিন অভিযুক্তের বয়স ১৬ ও ১৭ বছর।

পুলিশের দাবি, অভিযুক্তদের কাছ থেকে ঘটনায় ব্যবহৃত বলে সন্দেহ করা দুটি ছুরি, তাদের পরনের পোশাক এবং ওই টেম্পো উদ্ধার করা হয়েছে। ঘটনার জোর তদন্ত চালাচ্ছে পুলিশ।

Latest News

টাটা সন্স-এর চেয়ারম্যান পদে ফিরলেন চন্দ্রশেখরন, রয়েছে প্রশ্নচিহ্ন

ওয়েব ডেস্ক: আরও পাঁচ বছরের জন্য টাটা সন্স সংস্থার (Tata Sons) চেয়ারম্যান হিসেবে পুনর্বহাল হলেন এন চন্দ্রশেখরন (N Chandrasekaran)।...

More Articles Like This