ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার সন্ধ্যায় আলোর ছটায় সেজে উঠল কলকাতার বাজা কদমতলা ঘাট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) জন্মদিন উপলক্ষে রাজ্য সরকারের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঘাটে প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যজুড়ে ১৭ সেপ্টেম্বর থেকে ‘সেবা সংকল্প অভিযান’-এর কর্মসূচিও শুরু হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর ২৫ বছরের জনজীবন উপলক্ষে আগামী দিনেও রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি চলবে। বিভিন্ন জায়গায় পরিচ্ছন্নতা অভিযান, রক্তদান শিবির, স্বাস্থ্য পরিষেবা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পড়ুয়াদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। এই কর্মসূচি ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান ১০ অক্টোবর পর্যন্ত চলার কথা।
এদিকে ১৭ সেপ্টেম্বরকে প্রতি বছর ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করার ঘোষণাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সল্টলেকের একটি অনুষ্ঠানে এই ঘোষণা করা হয়। ফলে প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে এ বছর রাজ্যে একাধিক সরকারি কর্মসূচি একসঙ্গে শুরু হল। আপাতত আগামী এক মাস রাজ্যজুড়ে নানা অনুষ্ঠান পালন করা হবে বলেই জানান মুখ্যমন্ত্রী।
