ওয়েব ডেস্ক : দিল্লি (Delhi) থেকে উত্তরাখণ্ডের (Uttarakhand) চারধাম অঞ্চলে যাতায়াতের সময় আগামী দিনে অনেকটাই কমতে চলেছে। প্রস্তাবিত মেরঠ-হরিদ্বার-ঋষিকেশ নমো ভারত করিডর এবং নির্মীয়মাণ ঋষিকেশ-কর্ণপ্রয়াগ রেলপথ চালু হলে তীর্থযাত্রীদের যাত্রাপথে বড় পরিবর্তন আসতে পারে। প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী দিল্লি থেকে ঋষিকেশ যেতে সময় নেমে আসতে পারে প্রায় আড়াই ঘণ্টায়।
ঋষিকেশ (Rishikesh) থেকে কর্ণপ্রয়াগ (Karnaprayag) পর্যন্ত ১২৭ কিলোমিটার দীর্ঘ রেলপথের প্রায় ৭৫ শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার মধ্যে তৈরি এই লাইনের প্রায় ১০৫ কিলোমিটার অংশই টানেলের ভিতর দিয়ে যাবে। ১১ সেপ্টেম্বর প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ এসকেপ টানেল-১-এর কাজেও অগ্রগতি হয়েছে।
আরও খবর : ২০২৯ লোকসভা নির্বাচনে বাড়বে বুথ, নতুন ইভিএম কেনার পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের
বর্তমানে সড়কপথে ঋষিকেশ থেকে কর্ণপ্রয়াগ যেতে প্রায় ৬ থেকে ৭ ঘণ্টা সময় লাগে। রেল পরিষেবা চালু হলে সেই যাত্রা কমে প্রায় ২ থেকে আড়াই ঘণ্টা হতে পারে। ফলে দিল্লি থেকে কর্ণপ্রয়াগ পর্যন্ত পুরো যাত্রাপথও প্রায় ৫ থেকে ৬ ঘণ্টায় নামার সম্ভাবনা রয়েছে, যেখানে সড়কপথে সময় লাগে প্রায় ১২ থেকে ১৩ ঘণ্টা।
এই রেলপথ সরাসরি কেদারনাথ বা বদ্রীনাথ মন্দির পর্যন্ত পৌঁছবে না। কর্ণপ্রয়াগ থেকে বদ্রীনাথ এবং রুদ্রপ্রয়াগ-তিলানি এলাকা থেকে কেদারনাথের পথে সড়কপথে যেতে হবে। প্রকল্পটি দেরাদুন, টেহরি গাড়োয়াল, পাউড়ি গাড়োয়াল, রুদ্রপ্রয়াগ ও চামোলি—এই পাঁচ জেলায় যোগাযোগ উন্নত করবে।
