পুজোর পর বাড়তে পারে বাসভাড়া! সরকারি-বেসরকারি সব বাস নিয়েই বড় ইঙ্গিত পরিবহণমন্ত্রীর

Must Read

ওয়েব ডেস্ক : দুর্গাপুজোর পর রাজ্যে বাসভাড়া (Bus fare) বাড়তে পারে। সরকারি ও বেসরকারি দুই ধরনের বাসের ক্ষেত্রেই ভাড়া বৃদ্ধি হতে পারে। সোমবার বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh) জানান, পুজোর আগে বাসভাড়া নিয়ে কোনও সিদ্ধান্ত হচ্ছে না। তবে পুজোর পর ভাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।

পরিবহণমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বাসের ভাড়া (Bus fare) একই রয়েছে। ২০১৮ সালের পর থেকে সরকারি ভাবে ভাড়ার তালিকায় কোনও পরিবর্তন হয়নি। তাঁর মতে, দীর্ঘ সময় ধরে ভাড়া অপরিবর্তিত রেখে বাস পরিষেবা চালানো কঠিন। একইসঙ্গে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে রাস্তায় পর্যাপ্ত বাস রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি। তবে শুধু ভাড়া বাড়ালেই হবে না, বেসরকারি বাসের পরিষেবার মানও উন্নত করতে হবে বলে স্পষ্ট করেছেন পরিবহণমন্ত্রী। বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভাড়া ছাড়াও টোল, নাইট পার্কিং, বকেয়া কর এবং টোটো চলাচল নিয়ে আলোচনা হয়েছে।

আরও খবর : ১৮ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর ছুটি, বদল সরকারি ক্যালেন্ডারে  

বাস মালিকদের অভিযোগ, বিভিন্ন জায়গায় টোলের পরিমাণে অসামঞ্জস্য রয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট হারে টোল নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সময় দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে বড় রাস্তায় টোটোর চলাচল নিয়েও কড়া অবস্থানের কথা জানিয়েছেন পরিবহণমন্ত্রী। মূল রাস্তায় টোটো চলাচল বন্ধ করার পাশাপাশি টোটো পরিষেবায় একরকম নিয়ম চালুর প্রয়োজন রয়েছে বলেও তিনি জানান।

নাইট পার্কিং নিয়ে দীর্ঘদিনের সমস্যারও সমাধানের আশ্বাস মিলেছে বৈঠকে। পাশাপাশি যেসব বাস মালিকের দীর্ঘদিনের কর বকেয়া রয়েছে, তাঁদের ক্ষেত্রে জরিমানার বোঝা কিছুটা কমানোর বিষয়েও আশ্বাস দেওয়া হয়েছে। সামনেই দুর্গাপুজো। উৎসবের মরশুমে রাস্তায় যাত্রী সংখ্যা বাড়বে। সেই কথা মাথায় রেখে পুজোর আগেই আরও প্রায় ৩০০টি সরকারি বাস রাস্তায় নামানোর পরিকল্পনার কথাও জানিয়েছেন পরিবহণমন্ত্রী।

Latest News

বঙ্গোপসাগরে বদল আবহাওয়ার, ফের নামছে বৃষ্টি! ১৭ সেপ্টেম্বর ভারী থেকে অতি ভারীর সম্ভাবনা

ওয়েব ডেস্ক : বর্ষার মরসুম কার্যত শেষের পথে হলেও ফের বদলাতে শুরু করেছে রাজ্যের আবহাওয়া (Weather)। বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে...

More Articles Like This