ওয়েব ডেস্ক : সামনেই পুরভোট (Municipal Election)। সেই কারণে ফের বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন (Election Commission)। আগামী মঙ্গলবার ছয় পুরসভার জেলাশাসকদের নিয়ে বৈঠক করবেন রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্ত। নির্বাচন পরিচালনা থেকে শুরু করে ভোটের সামগ্রিক প্রস্তুতি, বৈঠকে মূলত এই বিষয়গুলিই পর্যালোচনা করা হবে বলে খবর। পুজোর আগেই প্রশাসনিক স্তরে প্রাথমিক প্রস্তুতির কাজ গুছিয়ে রাখতে চাইছে কমিশন।
ওয়ার্ড পুনর্বিন্যাসের পর কলকাতা পুরনিগমে ওয়ার্ডের সংখ্যা বেড়ে হয়েছে ২০৯। হাওড়া পুরনিগমে এখন ওয়ার্ড রয়েছে ৬৮টি। বালি পুরসভায় ৩৫টি, কালিম্পং ও কার্শিয়াং পুরসভায় ২৫টি করে এবং ধূপগুড়ি পুরসভায় ২০টি ওয়ার্ড রয়েছে। সব মিলিয়ে এই পুরসভাগুলির মোট ৩৮২টি ওয়ার্ডে ভোটের প্রস্তুতি চলছে।
আরও খবর : ডিভোর্স হয়ে গেলেও স্ত্রীর খোরপোশ বন্ধ নয়, গুরুত্বপূর্ণ রায় কলকাতা হাইকোর্টের
এদিকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং মহিলাদের জন্য সংরক্ষিত ওয়ার্ডের তালিকা প্রকাশের প্রস্তুতি নিচ্ছে রাজ্য সরকার। পাশাপাশি পুরভোট (Municipal Election) পরিচালনার জন্য প্রায় ২১ হাজার ইভিএম সংগ্রহের প্রক্রিয়াও শুরু করেছে রাজ্য নির্বাচন কমিশন। পুরভোটকে সামনে রেখে প্রশাসনিক স্তরেও একাধিক প্রস্তুতি চলছে। ওয়ার্ড পুনর্বিন্যাস, আসন সংরক্ষণ এবং ভোটার তালিকা সংশোধনের মতো কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। পুজোর আগেই প্রাথমিক প্রস্তুতির কাজ শেষ করে রাখতে চাইছে রাজ্য সরকার।
সূত্রের খবর, নভেম্বরের শেষ সপ্তাহে পুরভোট হতে পারে। এর আগে অক্টোবরেই রাজ্যে রয়েছে দুটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। নির্বাচন কমিশনের নির্ঘণ্ট অনুযায়ী, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে ভোটগ্রহণ হবে। ৯ অক্টোবর ভোটগণনা।
