ওয়েব ডেস্ক: অসমের (Assam) নগাঁও (Nagaon) লোকসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী হিসেবে প্রাক্তন আইএএস আধিকারিক দেবাশিস শর্মার (Debashis Sharma) নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (BJP)। ভোটগ্রহণ ৬ অক্টোবর এবং গণনা ও ফলপ্রকাশ ৯ অক্টোবর।
গত ৩ সেপ্টেম্বর স্বেচ্ছাবসর গ্রহণ করেন দেবাশিস শর্মা। নগাঁও জেলা কমিশনার পদে কর্মরত ছিলেন তিনি। অবসর নেওয়ার পর, গত ৮ সেপ্টেম্বর বিজেপিতে যোগদান করেন, তার দু’দিনের মধ্যেই উপনির্বাচনের টিকিট পেয়ে গেলেন দেবাশিস। নগাঁও আসনে কংগ্রেসের টিকিতে ২০২৪ লোকসভা নির্বাচনে জিতেছিলেন প্রদ্যুত বরদলৈ। পরে বিজেপিতে যোগ দেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনে লড়ায় ওই লোকসভা আসন খালি হয়ে যায়। সেখানেই এবার লড়বেন দেবাশিস।
আরও পড়ুন: বন্ধ্যাত্ব পরীক্ষা করাতে গেলেন যুবক, শরীরে ধরা পড়ল আস্ত জরায়ু!
গত সপ্তাহে কংগ্রেস সাংসদ রাকিবুল হুসেন অসমের চিফ ইলেক্টোরাল কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেন। নগাঁওয়ের জেলা কমিশনার পদে থাকাকালীন দেবাশিস কুমার যে নানাবিধ সিদ্ধান্ত নিয়েছেন তার ‘রিভিউ’ চান এবং দেবাশিসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান রাকিবুল। তাঁর এই অভিযোগ যথাযথ পর্যালোচনার জন্য নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ইংরাজি সাহিত্যে স্নাতক এবং জনসংযোগে স্নাতকোত্তর দেবাশিস কুমার ১৯৯২ সালে অসমের সিভিল সার্ভিসে যোগদান করেন। তাঁর প্রথম পোস্টিং ছিল বারপেটায়। অসমের তৎকালীন রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল এসকে সিনহার স্পেশ্যাল অফিসার হিসেবে কাজ করেছেন দেবাশিস। এরপর মহারাষ্ট্র সরকারের প্রতিনিধিত্ব করার সময় মুম্বইয়ে অবস্থিত অসম ভবনের ডেপুটি রেসিডেন্ট কমিশনার হিসেবে দায়িত্ব সামলেছেন।
