বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ, শুভেন্দুর হুঁশিয়ারির পরেই গ্রেফতার কংগ্রেস নেতা

Must Read

কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2026) আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্য ঘিরে তৈরি বিতর্ক এ বার পৌঁছল গ্রেফতার পর্যন্ত। ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে (Atanu Das) গ্রেফতার করল ভবানীপুর থানার পুলিশ। শুক্রবার ভোরে টালিগঞ্জের বাড়ি থেকে তাঁকে আটক করা হয় বলে জানা গিয়েছে।

চলতি মাসের শুরুতেই বাংলায় এসে একাধিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। দুর্গাপুজোর সময়ে মণ্ডপের আশপাশে আমিষ খাবার খাওয়া নিয়ে আপত্তি জানিয়ে মন্তব্য করেছিলেন তিনি। তাঁর বক্তব্য ঘিরে বাংলার রাজনৈতিক ও সামাজিক মহলে বিতর্ক শুরু হয়। এমনকি বিজেপির একাংশের নেতারাও তাঁর মন্তব্যের সঙ্গে সহমত হননি।

এই পরিস্থিতিতে ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর কর্মসূচি নেয় কংগ্রেস। অভিযোগ, ওই কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন অতনু দাস। ঘটনাটি নিয়ে পরে বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পুলিশের উদ্দেশে তিনি কড়া বার্তা দিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এর পরেই তদন্তে নামে ভবানীপুর থানার পুলিশ। অভিযোগ, বৃহস্পতিবার রাতে অতনুর টালিগঞ্জের বাড়িতে হানা দেন তদন্তকারীরা। বাড়িতেই পাওয়া যায় কংগ্রেস নেতাকে। তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। শুক্রবার তাঁকে আদালতে পেশ করার কথা। একই ঘটনায় আরও কারা জড়িত, তাঁদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

অতনুর গ্রেফতারির কেন্দ্র করে পালটা সরব হয়েছে কংগ্রেস। দলের নেতাদের বক্তব্য, রাজনৈতিক প্রতিবাদ করার জন্য একজন বিরোধী নেতাকে গ্রেফতার করে গণতান্ত্রিক অধিকার খর্ব করা হচ্ছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও সমাজমাধ্যমে গ্রেপ্তারির প্রতিবাদ জানিয়েছেন।

দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বাগেশ্বর বাবার মন্তব্যকে কেন্দ্র করে শুরু হওয়া বিতর্কের জেরেই এই ঘটনা বলে রাজনৈতিক মহলের একাংশের মত। তবে ছবি পোড়ানোর ঘটনায় ঠিক কী অভিযোগে অতনুকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে কোন ধারায় মামলা হয়েছে, তা আদালতে পুলিশের বক্তব্যের পর আরও স্পষ্ট হবে।

 

 

 

Latest News

রাতভর বৃষ্টিতে ফের বিপর্যয়, বালাসনের স্রোতে ভাসল দুধিয়ার সেতু

ওয়েব ডেস্ক : রাতভর বৃষ্টির পর ফের বিপর্যয়ের ছবি উত্তরবঙ্গে (North Bengal)। বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিতে...

More Articles Like This