কলকাতা: দুর্গাপুজোয় (Durga Puja 2026) আমিষ খাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই এবার বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগ ঘিরে সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে ভবানীপুর থানার সামনে ছবি পোড়ানোর ঘটনায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়ার কথা জানান তিনি।
সম্প্রতি বাংলায় এসে দুর্গাপুজোর সময়ে আমিষ খাবার নিয়ে মন্তব্য করেছিলেন ধীরেন্দ্র শাস্ত্রী। তাঁর বক্তব্য ঘিরে রাজ্যের বিভিন্ন মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। বাঙালির খাদ্যাভ্যাস ও সংস্কৃতিতে হস্তক্ষেপের অভিযোগ তুলে সরব হন অনেকে। বিষয়টি গড়ায় পুলিশে অভিযোগ দায়ের পর্যন্ত।
এই পরিস্থিতিতেই ভবানীপুর থানার সামনে বাগেশ্বর বাবার ছবি ও কুশপুতুল পোড়ানোর অভিযোগ সামনে আসে। বিধানসভায় সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, কোনও ধর্মগুরু তাঁর নিজস্ব মতামত জানাতেই পারেন। কেউ সেই বক্তব্য গ্রহণ করবেন কি না, তা ব্যক্তিগত বিষয়। কিন্তু তাঁকে অপমান করার ঘটনা মেনে নেওয়া যায় না।
বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, ভবানীপুর থানার সামনে ছবি পোড়ানোর ঘটনায় ব্যবস্থা নিতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর দাবি, ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাঁদের সকলকেই গ্রেফতার করতে হবে।
বাগেশ্বর বাবার মন্তব্য নিয়ে অবশ্য রাজনৈতিক মহলেও মতপার্থক্য রয়েছে। বিজেপিরই একাংশ তাঁর বক্তব্য থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করেছে। রাজ্য বিজেপির নেতাদের একাংশের বক্তব্য, বাইরে থেকে আসা কোনও ধর্মগুরুর পরামর্শে বাঙালির দীর্ঘদিনের খাদ্যাভ্যাস বা সংস্কৃতি বদলাবে না।
দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে বিতর্কের মাঝেই এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা আরও বাড়ে। একদিকে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, অন্যদিকে বাঙালির খাদ্যসংস্কৃতিতে হস্তক্ষেপের বিরোধিতা—দুই ভিন্ন অবস্থান সামনে এসেছে।
এর মধ্যেই ছবি পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে পুলিশের পদক্ষেপের কথা জানিয়ে শুভেন্দুর বার্তা, মতের বিরোধিতা করা গেলেও কোনও ব্যক্তিকে প্রকাশ্যে অপমান বা তাঁর ছবি পোড়ানোর মতো ঘটনা বরদাস্ত করা হবে না।
