ওয়েব ডেস্ক : কনসার্ট শেষ করে বেরোনোর পরই ভয়াবহ হামলার মুখে পড়লেন পাঞ্জাবি গায়ক ও অভিনেতা অ্যামি ভির্কের (Ammy Virk) কনভয়। কানাডার ব্রিটিশ কলম্বিয়ার অ্যাবটসফোর্ডে শনিবার রাতে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সংবাদমাধ্যমের একাধিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই গাড়িটি অমি ভির্কের কনভয়ের অংশ ছিল। প্রায় সাতটি গুলি চালানো হয়। ঘটনায় কেউ আহত হননি।
জানা গিয়েছে, রজার্স ফোরামে অনুষ্ঠান শেষ করে রাত ১১টা নাগাদ কনভয় নিয়ে বেরিয়েছিলেন অ্যামি ভির্ক। কিছুক্ষণ পর ম্যাককালাম রোডের কাছে একটি গাড়ির উপর অন্ধকার রঙের এসইউভি থেকে গুলি চালানো হয় বলে পুলিশের তরফে জানানো হয়েছে। সংবাদমাধ্যমের দাবি, গুলির কয়েকটি গাড়ির পিছনের অংশে লাগে।
আরও খবর : উত্তম কুমারের জন্মশতবর্ষে ১০০ টাকার স্মারক মুদ্রা আনছে কেন্দ্র! থাকবে ৯৯.৯ শতাংশ খাঁটি রুপো
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে,গাড়িতে অমি ভির্ক-সহ চারজন ছিলেন বলেও কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হল, অ্যাবটসফোর্ড পুলিশ এখনও গাড়ির ভিতরে কারা ছিলেন বা অমি ভির্ক নিজে সেখানে ছিলেন কি না, তা সরকারি ভাবে নিশ্চিত করেনি। অ্যাবটসফোর্ড পুলিশের মেজর ক্রাইম ইউনিট তদন্তের দায়িত্ব নিয়েছে।
এদিকে অমি ভির্কের পরিবারের তরফে ভিন্ন দাবি সামনে এসেছে। তাঁর বাবা কুলজিত সিং জানিয়েছেন, অমি নিরাপদে রয়েছেন এবং তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। তাঁর দাবি, গুলির নিশানা ছিল কনসার্টের আয়োজকের গাড়ি। ফলে হামলার প্রকৃত লক্ষ্য কে ছিলেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
