ওয়েব ডেস্ক : মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে সবে কাজে ফিরেছিলেন। স্বামী ও ছোট্ট সন্তানকে নিয়ে নতুন জীবনের আনন্দে ছিলেন ৩২ বছরের এরিন পিয়াচেন্টি (Erin Piacenti)। কিন্তু সেই সুখের দিন আচমকাই থমকে গেল। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে আচমকা ছুরি হামলায় প্রাণ হারালেন ব্যাংক অফ আমেরিকার (Bank Of America) এই তরুণী ভাইস প্রেসিডেন্ট। ঘটনাটিকে প্রাথমিকভাবে ‘এলোমেলো ও উসকানিহীন’ হামলা বলে জানিয়েছে পুলিশ।
এরিন পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ছিলেন। পরে ফোর্ডহ্যাম ল স্কুল থেকে আইন নিয়ে পড়াশোনা শেষ করেন। ২০২১ সালে স্বামী ফ্র্যাঙ্ক পিয়াচেন্টির সঙ্গে একই সময়ে স্নাতক হন তিনি। ব্যাংক অফ আমেরিকায় ব্যবসায়িক নির্বাচন ও স্বার্থসংঘাত সংক্রান্ত বিভাগে ভাইস প্রেসিডেন্ট পদে কাজ করতেন এরিন।
আরও খবর : রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে ১২ জনের মৃত্যু, মৃতদের মধ্যে রয়েছেন ভারতীয়ও
মৃত্যুর মাত্র চার দিন আগে স্বামী ও ছোট্ট সন্তানকে নিয়ে হাসিমুখের ছবি প্রকাশ করেছিলেন এরিন (Erin Piacenti)। জানা গিয়েছে, মেয়ের দেখাশোনার জন্য তিনি প্রায় পাঁচ মাসের মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। সম্প্রতি স্বামীর সঙ্গে দ্বিতীয় বিবাহবার্ষিকীও পালন করেছিলেন তিনি। নতুন সংসার ও সন্তানকে ঘিরে তখন জীবনের অন্যতম আনন্দের সময় কাটাচ্ছিলেন এই তরুণী।
সোমবার বিকেলে টাইমস স্কোয়ারের ওয়েস্ট ৪২তম স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ৪৯ বছরের পামেলা সিসনেরস একটি ব্যাগ থেকে দুটি ছুরি বের করে প্রথমে এক ৬৮ বছরের ব্যক্তিকে আক্রমণ করেন। এরপর এরিনের উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও এরিনকে বাঁচানো যায়নি। আহত ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।
হামলার পর পুলিশ পামেলাকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য বারবার সতর্ক করে। তাঁকে থামাতে বৈদ্যুতিক শক দেওয়ার চেষ্টাও করা হয়। কিন্তু তিনি ছুরি হাতে পুলিশের দিকে এগিয়ে আসতে থাকেন। শেষ পর্যন্ত দুই পুলিশ আধিকারিক গুলি চালালে পামেলার মৃত্যু হয়। পুলিশের দাবি, তাঁর অতীতে মানসিক স্বাস্থ্যের সমস্যা সংক্রান্ত একাধিক যোগাযোগ থাকলেও নিউ ইয়র্কে তাঁর কোনও গ্রেফতারের রেকর্ড ছিল না। অন্যদিকে এরিনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে ব্যাঙ্ক অফ আমেরিকা।
