ওয়েব ডেস্ক : বাঙালি দর্শকের জন্য আরও এক নতুন গোয়েন্দা চরিত্র নিয়ে হাজির হতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। রাজর্ষি দাশ ভৌমিকের লেখা গোয়েন্দা কানাইচরণের কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছে ‘কুইন ভিক্টোরিয়া এবং গোয়েন্দা কানাইচরণ’ (Queen Victoria Aar Goyenda Kanaichawron)। পুদুচেরিতে ছবির শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। শুটিং শেষের খবরের পর এবার প্রকাশ্যে এল ছবির গুরুত্বপূর্ণ চরিত্রগুলির লুক।
কানাইচরণের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। তাঁকে এই ছবিতে দেখা যাবে একেবারে অন্য চেহারায়। চুলে গাঢ় রুপোলি ছাপ, নাকের নীচে কাঁচাপাকা ঘন গোঁফ এবং চোখে চশমা, সব মিলিয়ে যিশুর সাজে রয়েছে বেশ পুরনো দিনের ছাপ। চরিত্রের এমনই চেহারা যে প্রথম দেখায় তাঁকে অনেকেই সংবাদপত্রের সাংবাদিক বলে ভুল করতে পারেন।
আরও খবর : ‘বিগ বস’-এর সেই গম্ভীর কণ্ঠ কার? প্রায় এক দশক পর ফাঁস হল রহস্য
কানাইচরণের সহকারী শৌভিকের চরিত্রে অভিনয় করছেন অনুজয় চট্টোপাধ্যায়। তাঁর ক্ষেত্রে অবশ্য রাখা হয়েছে পরিচ্ছন্ন, ক্লিন শেভন চেহারা। তবে দর্শকদের সবচেয়ে বেশি চমক দিয়েছে ইধিকার সাজ। এতদিন যে ধরনের ঝলমলে ও গ্ল্যামারাস চরিত্রে তাঁকে দেখা গিয়েছে, এই ছবিতে তার সম্পূর্ণ বিপরীত অবতারে হাজির হচ্ছেন অভিনেত্রী। কাঁধ ছাপানো চুলে লম্বা বিনুনি, সরু ফ্রেমের চশমা, কপালে ছোট কালো টিপ এবং সাধারণ শাড়ি-ব্লাউজ—ইধিকাকে দেখে যেন চেনাই কঠিন। চরিত্রের প্রয়োজনে তাঁর এই সাদামাটা সাজ ছবির সময়কাল ও গল্পের আবহকেও বেশ স্পষ্ট করে তুলেছে। ছবিতে বিশেষ একটি চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরীও। তবে তাঁর চরিত্রের সাজসজ্জা এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি।
ছবির গল্পেও রয়েছে সময়ের বিশেষ খেলা। সৃজিত একই ছবিতে দুটি ভিন্ন সময়কালকে পাশাপাশি তুলে ধরবেন। একটি গল্প এগোবে বর্তমান সময়ে, অন্যদিকে থাকবে ব্রিটিশ শাসনাধীন ভারতে কুইন ভিক্টোরিয়ার সময়ের প্রেক্ষাপট। ক্যামেলিয়া প্রোডাকশনসের প্রযোজনায় তৈরি এই ছবিটি চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে।
