ওয়েব ডেস্ক : সুইজারল্যান্ডের (Switzerland) আড়াউ শহরে রেভ পার্টিতে চলল গুলি। ঘটনায় মৃত্যু হল ২২ বছরের এক তরুণীর। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন বলে খবর। আহতদের মধ্যে চারজন পুরুষ ও এক মহিলা রয়েছেন। তাঁদের বয়স ২৪ থেকে ২৭ বছরের মধ্যে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত আড়াউয়ের একটি ঘোড়দৌড়ের মাঠে রেভ পার্টি চলছিল। স্থানীয় সময় রাত আড়াইটে নাগাদ গুলির খবর পায় পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে ২২ বছরের তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত পাঁচজনের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তাঁদেরকে হাসপাতালে বর্তি করা হয়েছে। তবে গুলি চালানোর ঘটনায় কারা জড়িত, তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীর পরিচয় এবং হামলার উদ্দেশ্যও জানা যায়নি।
আরও খবর : নেপালের বন্যায় নিখোঁজ ইনফোসিস পাবলিক সার্ভিসেজ-এর সিইও ল্যাক্স গোপিসেট্টি
ঘটনার পর ঘোড়দৌড়ের মাঠ, সুইমিং পুল এবং সংলগ্ন ক্রীড়াক্ষেত্র ঘিরে ফেলে পুলিশ (Police)। আড়াউ শহর ও আশপাশের এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহরের বাইরেও পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। ঘটনাস্থলের কাছে একটি সাঁজোয়া গাড়িও মোতায়েন করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ছবি ও ভিডিয়ো চেয়েছে পুলিশ। হামলার নেপথ্যে কোনও পুরনো বিবাদ, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
