কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) ফর্ম পূরণ করতে গিয়ে নতুন করে তৈরি হয়েছে বিভ্রান্তি। পরিবারের কোনও সদস্য Income Tax অথবা Professional Tax দেন কি না, তা জানতে ফর্মে রয়েছে একটি মাত্র ‘Yes’ বা ‘No’ ঘর। ফলে যাঁদের বেতন থেকে Professional Tax (PT) কাটা হয়, তাঁদের অনেকেরই প্রশ্ন ‘Yes’ লিখলে কি অন্নপূর্ণা যোজনার মাসিক ৩,০০০ টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে?
সরকারি নথি খতিয়ে দেখলে বিষয়টি একটু অন্য রকম। পশ্চিমবঙ্গ সরকারের Family Level Data Collection Form-এ Income Tax এবং Professional Tax-কে একই প্রশ্নের মধ্যে রাখা হয়েছে ঠিকই। কিন্তু অন্নপূর্ণা যোজনার প্রকাশিত যোগ্যতার শর্তে বলা হয়েছে, যাঁর জন্য এই সুবিধা চাওয়া হচ্ছে, তিনি Income Tax payer হতে পারবেন না। Professional Tax দেওয়া অযোগ্যতার পৃথক শর্ত হিসাবে সেখানে উল্লেখ নেই।
আরও খবর : নেপালে হঠাৎ এই দুর্যোগের আসল কারণ কী জানেন?
Professional Tax এবং Income Tax এক জিনিস নয়। পশ্চিমবঙ্গে চাকরি, ব্যবসা বা নির্দিষ্ট পেশার ক্ষেত্রে প্রযোজ্য হলে Professional Tax বেতন বা মজুরি থেকে কেটে নেওয়া হতে পারে। অন্য দিকে Income Tax নির্ভর করে ব্যক্তির করযোগ্য আয় ও প্রযোজ্য আয়কর বিধির উপর। ফলে salary slip-এ ‘PT’ লেখা deduction থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি Income Tax দেন, এমনটা বলা যায় না।
তাই পরিবারের কোনও সদস্যের বেতন থেকে Professional Tax কাটা হলে ফর্মে তথ্য গোপন করে ‘No’ লেখা ঠিক হবে না। সত্য তথ্যই দিতে হবে। তবে শুধু Professional Tax দেওয়ার কারণে ‘Yes’ লেখামাত্র অন্নপূর্ণার ৩,০০০ টাকা বন্ধ হয়ে যাবে, এমন কোনও স্বয়ংক্রিয় নিয়ম প্রকাশিত সরকারি নথিতে নেই।
আবেদন যাচাইয়ের সময় প্রয়োজন হলে salary slip, Form 16 বা সংশ্লিষ্ট করের নথি দেখিয়ে Professional Tax এবং Income Tax-এর পার্থক্য স্পষ্ট করা যেতে পারে। আবেদন ‘Rejected’ বা ‘Under Enquiry’ হলে মৌখিক কথার বদলে লিখিত কারণ জেনে সংশ্লিষ্ট BDO, SDO অথবা KMC কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাই নিরাপদ।
