ওয়েব ডেস্ক : সপ্তাহে ৫ দিন কর্মদিবস এবং ২দিন ছুটি-সহ একাধিক দাবিতে আগামী ১১ সেপ্টেম্বর দেশজুড়ে ধর্মঘটের (Strike) ডাক দিল ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন্স (UFBU)। পাঁচদিনের কর্মদিবস বাস্তবায়নে দেরি, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ (PLI) নিয়ে মতবিরোধ এবং পেনশন সংক্রান্ত একাধিক দাবিকে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছে ন’টি ব্যাঙ্ককর্মী ও আধিকারিক সংগঠনের যৌথ মঞ্চ।
১১ সেপ্টেম্বর শুক্রবার। এরপর রয়েছে দু’দিন ব্যাঙ্ক ছুটি। আবার কয়েকটি রাজ্যে ১৪ সেপ্টেম্বর গণেশ চতুর্থীর জন্য ছুটি থাকায় টানা চারদিন বহু জায়গায় ব্যাঙ্কিং পরিষেবা (Banking Service) ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির পরিষেবায় এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আরও খবর : ৪ মাসের মধ্যেই মহাকাশে পাড়ি দিতে চলেছে গগনযান অভিযানের প্রথম চালকহীন রকেট
শুধু ১১ সেপ্টেম্বরের ধর্মঘট (Strike) নয়, ২৮ সেপ্টেম্বর থেকে তিনদিনের দেশব্যাপী ধর্মঘটেরও হুঁশিয়ারি দিয়েছে UFBU। ওই সময় ব্যাঙ্কগুলির অর্ধবার্ষিক হিসাব বন্ধের সময়। দাবি পূরণ না হলে আগামী ২৬ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেওয়া হতে পারে বলেও জানিয়েছে সংগঠনটি।
পাঁচদিনের কর্মদিবস চালুর প্রস্তাব ২০২৪ সালের ৮ মার্চ স্বাক্ষরিত ১২তম দ্বিপাক্ষিক চুক্তি ও ৯ম জয়েন্ট নোটে অন্তর্ভুক্ত ছিল বলে দাবি করেছে UFBU। পাশাপাশি PLI-র সরকারি কাঠামো নিয়েও আপত্তি রয়েছে সংগঠনগুলির। পেনশন আপডেট, সব পেনশনভোগীর জন্য অভিন্ন ডিএ ফর্মুলা এবং NPS-এর আওতায় থাকা কর্মীদের পুরনো পেনশন প্রকল্পে ফেরার সুযোগ দেওয়ার দাবিও রয়েছে তাদের।
