ওয়েব ডেস্ক : মাত্র ১১ দিন আগে পৃথিবীর আলো দেখেছিল শিশুটি। তার মধ্যেই মর্মান্তিক পরিণতি। মুর্শিদাবাদের (Murshidabad) রঘুনাথগঞ্জ থানার মঙ্গলজোন এলাকায় রবিবার সকালে বাথরুমের জলের বালতি থেকে উদ্ধার হল ১১ দিনের এক শিশুকন্যার নিথর দেহ। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পরিবার সূত্রে জানা গিয়েছে, সকালে বাড়ির মধ্যে পরিবারের অন্য একটি শিশুর সঙ্গে শুয়ে ছিল ওই শিশুকন্যা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা লক্ষ্য করেন, শিশুটিকে আর দেখা যাচ্ছে না। এরপর বাড়ির বিভিন্ন জায়গায় শুরু হয় খোঁজাখুঁজি। প্রায় তিন ঘণ্টা ধরে তল্লাশির পর বাথরুমের ভিতরে রাখা জলের বালতির মধ্যে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
আরও খবর : নতুন গ্যাস সংযোগের এক সপ্তাহের মধ্যেই বিপত্তি, অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার
শিশুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। মাত্র ১১ দিনের একটি শিশু কীভাবে বাড়ির বাথরুমে গিয়ে জলের বালতির মধ্যে পৌঁছল, তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনাটি নিছক দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়েও তৈরি হয়েছে রহস্য।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কীভাবে শিশুটির মৃত্যু হল, তা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা। পাশাপাশি পরিবারের কারও ভূমিকা রয়েছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে।মাত্র ১১ দিনের শিশুকন্যার এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মঙ্গলজোন এলাকায়। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
