ওয়েব ডেস্ক : ঝাঁ চকচকে আধুনিক হাসপাতাল, অথচ ওয়ার্ডের ভিতরেই ইঁদুরের দাপট! মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (Malda medical College hospital) ইঁদুরের (Rat) উৎপাত নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, ইঁদুরের উপদ্রব এতটাই বেড়েছে যে অসুস্থ রোগীদের শরীরেও কামড় দেওয়ার ঘটনা ঘটছে। পরিস্থিতি সামাল দিতে রোগীদের বেডের পাশেই রাখা হয়েছে ইঁদুর ধরার যন্ত্র।
হাসপাতালের ওয়ার্ডে ইঁদুর ধরার যন্ত্র রাখার একটি ছবি ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবি সামনে আসার পর হাসপাতালের পরিষেবা, পরিচ্ছন্নতা এবং পরিকাঠামো নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অস্বাস্থ্যকর পরিবেশ রয়েছে। পাশাপাশি সরকারি ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
আরও খবর : সন্দেশখালিতে ফের গুলি, মধ্যরাতে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে একাধিক রাউন্ড, আতঙ্ক এলাকায়
হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য ইঁদুরের সমস্যার কথা স্বীকার করেছে। মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (Malda medical College hospital) সুপার প্রসেনজিৎ বর জানিয়েছেন, রোগীদের যাতে ইঁদুরের কারণে কোনও ক্ষতি না হয়, সেই কারণেই বেডের পাশে ইঁদুর ধরার যন্ত্র রাখা হয়েছে। তবে হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় ইঁদুরের উৎপাত কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
চিকিৎসার জন্য হাসপাতালে এসে যদি রোগীদের ইঁদুরের আতঙ্কে থাকতে হয়, তাহলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিয়ে উদ্বেগ তৈরি হয়। ভাইরাল হওয়া ছবিকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। রোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ এবার কী ব্যবস্থা নেয়, সেদিকেই নজর।
