‘একটি দল বা ব্যক্তির পক্ষে গোটা দেশের ব্যবস্থা বদলানো সম্ভব নয়’, শিক্ষা-স্বাস্থ্যে খামতি মেনে বার্তা রামদেবের

Must Read

ওয়েব ডেস্ক: দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় সমস্যা রয়েছে। তবে কোনও একটি দল, বিরোধী গোষ্ঠী বা ব্যক্তির পক্ষে একা গোটা দেশের ব্যবস্থা বদলে দেওয়া সম্ভব নয়। পরিবর্তনের জন্য প্রয়োজন সামাজিক, রাজনৈতিক এবং প্রশাসনিক, তিন স্তরেই সমন্বিত উদ্যোগ। এমনই মন্তব্য করলেন যোগগুরু বাবা রামদেব (Baba Ramdev)।

রবিবার ছত্তীসগঢ়ের রায়পুরে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন রামদেব। দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবিতে বিভিন্ন জায়গায় আন্দোলন প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, গোটা ব্যবস্থার পরিবর্তন কোনও একক শক্তির পক্ষে সম্ভব নয়। তাঁর মতে, পরিবর্তনের জন্য সরকারের পাশাপাশি সমাজ এবং প্রশাসনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

দেশের শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে যে বেশ কিছু গুরুতর প্রশ্ন রয়েছে, তা-ও স্বীকার করে নেন রামদেব। তিনি বলেন, ভারতের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে। এই দুই ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে, তার সমাধান প্রয়োজন। সরকারের এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে আন্দোলনে শিশুদের ব্যবহার নিয়েও আপত্তি জানিয়েছেন রামদেব। দিল্লির যন্তর মন্তরে নিট-সহ বিভিন্ন ইস্যুতে চলা আন্দোলনের প্রসঙ্গ সরাসরি উল্লেখ না করেই তাঁর বক্তব্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষার আন্দোলন সাংবিধানিক, গণতান্ত্রিক, নৈতিক এবং মানবিক মূল্যবোধের ভিত্তিতে হওয়া উচিত। সেখানে শিশুদের ঠেলে দেওয়া কোনও ভাবেই কাম্য নয়।

রামদেবের প্রশ্ন, ছোটদের আন্দোলনে নামালে তাদের পড়াশোনা হবে কী ভাবে? তাঁর মতে, প্রতিবাদের নামে নৈরাজ্য তৈরি করা উচিত নয়। রাজনৈতিক বা সামাজিক আন্দোলনের ক্ষেত্রে শিশুদের ব্যবহার করাকে তিনি ‘শোষণ’ বলেও উল্লেখ করেন। শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সংস্কারের প্রয়োজনীয়তা মেনে নিয়েও তাই সামগ্রিক পরিবর্তনের জন্য বৃহত্তর সামাজিক ও প্রশাসনিক উদ্যোগের পক্ষেই সওয়াল করলেন রামদেব।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This