বিদেশে চিকিৎসা, তার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’! হাইকোর্টে অভিষেক

Must Read

কলকাতা: বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার আগে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ হয়ে যাওয়ায় কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তৃণমূল (TMC) সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত মামলাটির শুনানির আর্জি জানান অভিষেকের আইনজীবী অয়ন ভট্টাচার্য। তাঁর দাবি, কেন অ্যাকাউন্টটি ফ্রিজ করা হয়েছে, তা ব্যাঙ্কের তরফে স্পষ্ট করে জানানো হয়নি।

সোমবার আদালতে আইনজীবী প্রশ্ন তোলেন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা (BNSS)-র ১০৭ ধারা প্রয়োগ না করেই কী ভাবে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল? তাঁর বক্তব্য, ওই ধারার বিধান অনুযায়ী, কোনও অ্যাকাউন্ট ফ্রিজ করার আগে পুলিশকে সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন জানাতে হয়। সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

আরও খবর : রাজ্যে ফের কোভিডে মৃত্যু! প্রাণ গেল দিঘা স্টেট জেনারেল হাসপাতালের সুপারের

মামলাটির দ্রুত শুনানির আবেদন জানানো হলে বিচারপতি কৃষ্ণ রাও প্রথমে জানতে চান, অভিষেকের বিরুদ্ধে কোনও তদন্ত চলছে কি না। জবাবে তাঁর আইনজীবী জানান, আদালতের নির্দেশ অনুযায়ী তাঁর মক্কেল সংশ্লিষ্ট তদন্তে সহযোগিতা করছেন। তবে সেই তদন্তের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেন তিনি।

অভিষেকের আইনজীবীর বক্তব্য, সামনেই চিকিৎসার কারণে তাঁর বিদেশ সফরের পরিকল্পনা রয়েছে। তার আগে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে। কী কারণে এই পদক্ষেপ করা হয়েছে, ব্যাঙ্কের তরফে তার স্পষ্ট ব্যাখ্যাও দেওয়া হয়নি বলে আদালতে জানানো হয়েছে।

মামলাটি নিয়ে কলকাতা হাই কোর্টে বুধবার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। ফলে অ্যাকাউন্ট ফ্রিজ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপ এবং আইনি প্রক্রিয়া নিয়ে আদালত কী অবস্থান নেয়, সে দিকেই নজর থাকবে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This