ওয়েব ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে তিরঙ্গা আলোকসজ্জায় নতুন সাজে সেজে উঠেছে পূর্ব বর্ধমানের (East Burdwan) কালনার (Kalna) রাজবাড়ি চত্বর। সন্ধ্যা নামতেই জাতীয় পতাকার তিন রঙের আলোয় ঝলমল করছে প্রাচীন মন্দিরগুলি। বিশেষ এই আলোকসজ্জা দেখতে রাজবাড়ি চত্বরে ভিড় করছেন স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বাইরে থেকে আসা পর্যটকেরাও।
কালনা (Kalna) পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে থাকা এই রাজবাড়ি চত্বরে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থাপত্য। প্রাচীন ২৫ চূড়ার কৃষ্ণচন্দ্র মন্দির, প্রতাপেশ্বর মন্দির, রাসমঞ্চ, ১০৮ শিব মন্দির এবং লালজি বাড়ি মন্দির এই চত্বরের অন্যতম আকর্ষণ। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি মন্দিরই তিরঙ্গা রঙের আলোয় সাজিয়ে তোলা হয়েছে।
আরও খবর : স্বাধীনতা দিবসে বনগাঁ-বসিরহাট সীমান্তে সম্প্রীতির ছবি, বিজিবিকে মিষ্টি বিএসএফের
আলোকসজ্জায় মন্দিরগুলির সৌন্দর্য আরও বেড়েছে বলে জানাচ্ছেন দর্শনার্থীরা। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে রাজবাড়ি চত্বরে এসে মন্দির ঘুরে দেখছেন এবং মোবাইল ফোনে ছবি ও সেলফি তুলছেন। স্থানীয়দের বক্তব্য, রাতের আলোয় ঐতিহাসিক মন্দিরগুলির রূপ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে এমন উদ্যোগে খুশি তাঁরা।
বর্ধমান মহারাজাদের আমলে তৈরি একাধিক মন্দিরের জন্য কালনা (Kalna) ‘মন্দির নগরী’ হিসেবে পরিচিত। ঐতিহাসিক এই স্থাপত্যগুলিকে জাতীয় পতাকার রঙে সাজিয়ে তোলায় এলাকার মানুষের উৎসাহ আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দা আলোক বসু ও টুম্পা দেবনাথ জানান, এমন আলোকসজ্জায় কালনার ঐতিহ্যবাহী মন্দিরগুলি আরও সুন্দর দেখাচ্ছে। তাঁদের কথায়, স্বাধীনতা দিবসে এই বিশেষ সাজ দেখতে দূর-দূরান্ত থেকেও মানুষ আসছেন।
