কলকাতা: বাসে টাকাভর্তি ব্যাগ ফেলে নেমেছিলেন এক বৃদ্ধা। ব্যাগে ছিল ২৪ হাজার টাকা, সঙ্গে একটি প্রেসক্রিপশন। মালিকের সন্ধান না পেয়ে ব্যাগটি যত্নে রেখে দিয়েছিলেন বাসের কন্ডাক্টর। তার পর কেটে গিয়েছে প্রায় দু’বছর। শেষ পর্যন্ত একই বাসে ফের দেখা হয়ে গেল বৃদ্ধার সঙ্গে। আধার কার্ড (Adhaar Card) দেখে তাঁকে চিনতে পারেন কন্ডাক্টর। ফিরিয়ে দেওয়া হল টাকা। মহারাষ্ট্রের (Maharashtra) এই ঘটনা এখন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
ঘটনাটি ২০২৪ সালের এপ্রিলের। অসুস্থ স্বামীকে নিয়ে মালেগাঁওগামী একটি বাসে উঠেছিলেন কাসাবাই গায়কোয়াড় নামে এক বৃদ্ধা। বাস থেকে নামার সময় ভুল করে টাকাভর্তি ব্যাগটি ফেলে যান তিনি। বাস গন্তব্যে পৌঁছনোর পর ব্যাগটি কন্ডাক্টর রাজুর হাতে আসে। খুলে তিনি দেখেন, ভিতরে রয়েছে ২৪ হাজার টাকা। সঙ্গে থাকা প্রেসক্রিপশনে লেখা ছিল বৃদ্ধার নাম।
আরও খবর : মধ্যপ্রদেশে রহস্যজনক অসুস্থতায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত শতাধিক! এখনও অজানা রোগের কারণ
ব্যাগটির মালিক ফিরে আসতে পারেন, সেই আশায় প্রায় এক ঘণ্টা অপেক্ষা করেছিলেন রাজু। বিষয়টি অনুসন্ধান দফতরেও জানান। কিন্তু কেউ ব্যাগের খোঁজে আসেননি। প্রেসক্রিপশন দেখে চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বৃদ্ধার সন্ধান পাননি তিনি।
এর পর দীর্ঘ সময় কেটে যায়। সম্প্রতি একই রুটের বাসে ফের ওঠেন কাসাবাই। কাকতালীয় ভাবে সেই বাসের কন্ডাক্টর ছিলেন রাজুই। মহারাষ্ট্রে ৭৫ বছর বা তার বেশি বয়সিদের জন্য বাসভ্রমণ বিনামূল্যে হওয়ায় আধার কার্ড যাচাই করছিলেন তিনি। বৃদ্ধার নাম দেখেই তাঁর মনে পড়ে যায় সেই হারানো ব্যাগের কথা।
কথাবার্তা বলে নিশ্চিত হওয়ার পর কাসাবাইকে বাস ডিপোতে নিয়ে যান রাজু। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর বৃদ্ধার হাতে তুলে দেওয়া হয় তাঁর টাকা।
টাকা ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কাসাবাই। কন্ডাক্টরের সততার পুরস্কার হিসাবে তাঁকে ১১০০ টাকা দেন তিনি। সমাজমাধ্যমে ঘটনাটির ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভরেছে নেটদুনিয়া। তবে প্রকাশিত ভিডিয়োটির সত্যতা স্বাধীন ভাবে যাচাই করা হয়নি।
