ওয়েব ডেস্ক : সুপ্রিম কোর্টে (Supreme Court) তৃণমূলের (TMC) ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এল দলের মাসিক খরচের বিস্তর তথ্য। মঙ্গলবার বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চে দলের হয়ে সেই খরচের হিসাব তুলে ধরেন আইনজীবী কপিল সিব্বল। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, তৃণমূলের ২১৫ জন স্থায়ী কর্মীর বেতন বাবদ প্রতি মাসে খরচ হয় ৫১ লক্ষ ২৩ হাজার টাকারও বেশি।
শুধু কর্মীদের বেতন নয়, দলের দফতর চালানোর খরচও যথেষ্ট। আদালতে জানানো হয়েছে, তৃণমূলের ১৭টি অফিসের ভাড়া বাবদ প্রতি মাসে প্রায় ১ কোটি টাকা খরচ হয়। এর পাশাপাশি নিরাপত্তারক্ষী, বিভিন্ন সংস্থার কর্মী এবং গাড়ি ভাড়ার মতো খাতেও নিয়মিত বিপুল অর্থ ব্যয় হয়। দৈনন্দিন সাংগঠনিক কাজ চালিয়ে যেতে এই খরচগুলি প্রয়োজন বলেই আদালতে সওয়াল করেছে তৃণমূল (TMC)।
আরও খবর : স্বাধীনতা দিবসের আগে হাই অ্যালার্ট দিল্লিতে, প্রকাশ্যে ১৯ মোস্ট ওয়ান্টেড জঙ্গির পোস্টার
অন্যদিকে, তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির (ED) দাবি, এখনও পর্যন্ত দলের ৪২টি অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গিয়েছে, যার মধ্যে ৬টি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী এসভি রাজুর দাবি, মাত্র দুটি অ্যাকাউন্টেই প্রায় ১২০ কোটি টাকা রয়েছে। ফলে ফ্রিজ না হওয়া অ্যাকাউন্ট থেকে দলের দৈনন্দিন খরচ চালানো সম্ভব বলেও আদালতে জানানো হয়।
শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট হাই কোর্টের আগের নির্দেশে হস্তক্ষেপ করেনি। তবে দৈনন্দিন প্রয়োজনীয় খরচ মেটাতে তৃণমূলকে অর্থ তোলার অনুমতি দেওয়া হয়েছে। সেই খরচের পূর্ণ হিসাব কলকাতা হাই কোর্ট নিযুক্ত স্পেশাল অফিসারের কাছে জমা দিতে হবে। তবে তৃণমূলের এই হিসেব নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।
