আরজি কর-কাণ্ডে ফের নয়া মোড়, নার্সের ফোন বাজেয়াপ্ত CBI-এর! পানিহাটি শ্মশানেও পৃথক তদন্ত

Must Read

কলকাতা: আরজি কর-কাণ্ডের (RG Kar Case) তদন্তে ফের নয়া মোড়। ঘটনার দু’বছর পর নতুন করে তৎপরতা শুরু করেছে সিবিআই (CBI)। সূত্রের খবর, ঘটনার দিন হাসপাতালে উপস্থিত এক নার্সের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফোনটি ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলেও জানা গিয়েছে।

সিবিআই সূত্রের দাবি, ঘটনার দিন ওই নার্সের ফোন থেকেই নিহত চিকিৎসকের মাকে ফোন করা হয়েছিল বলে অনুমান তদন্তকারীদের। ফলে ফোনটির কল রেকর্ড, অন্যান্য তথ্য এবং ডিজিটাল নথি তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নিহত চিকিৎসকের মায়ের বয়ানে যাঁদের নাম উঠে এসেছে, তাঁদেরও একে একে জিজ্ঞাসাবাদ করার প্রস্তুতি চলছে বলে সূত্রের খবর।

আরও খবর : দুই ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দুর্যোগের আশঙ্কা, ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া

এর পাশাপাশি আরজি কর-কাণ্ডের তদন্তে পানিহাটি শ্মশান নিয়েও পৃথক তদন্তের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। ২০২৪ সালের ৯ অগস্ট পানিহাটি শ্মশানে নিহত চিকিৎসকের শেষকৃত্য হয়েছিল। পরিবারের অভিযোগ, দেহ তড়িঘড়ি দাহ করা হয়েছিল এবং শ্মশানের কার্যক্রমেও অনিয়ম হয়েছিল। সেই অভিযোগ খতিয়ে দেখতেই এই তদন্ত।

পুলিশ শ্মশানের নথিপত্র, সেই রাতের ঘটনাক্রম, উপস্থিত ব্যক্তিদের ভূমিকা এবং শেষকৃত্যের সঙ্গে যুক্ত আধিকারিক ও স্থানীয় প্রতিনিধিদের ভূমিকা খতিয়ে দেখবে বলে সূত্রের খবর। ইতিমধ্যেই নবগঠিত সিট পানিহাটি শ্মশান পরিদর্শন করেছে। সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দলও দেহ দাহের আগে ও পরে কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে।

এদিকে স্বাস্থ্য দফতরও পৃথক ভাবে তদন্তের কথা জানিয়েছে। স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের বক্তব্য, ঘটনার রাতে নিহত চিকিৎসকের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের পাশাপাশি সংশ্লিষ্ট অধ্যাপক ও স্বাস্থ্য দফতরের কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

অর্থাৎ, তদন্তের পরিধি এখন হাসপাতালের ঘটনাস্থল পেরিয়ে ফোন যোগাযোগ, ঘটনার পরের পরিস্থিতি এবং শেষকৃত্যের পর্ব পর্যন্ত বিস্তৃত হচ্ছে। তবে বাজেয়াপ্ত ফোন থেকে এখনও কী তথ্য মিলেছে, সে বিষয়ে তদন্তকারীদের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This