ওয়েব ডেস্ক : ভয়াবহ বন্যায় ঘর এবং প্রশিক্ষণের জায়গা হারিয়েও স্বপ্ন থেকে সরে আসেনি অসমের ১৭ বছরের জনমণি কনওয়ার (Janmoni Konwar)। দিল্লিতে আয়োজিত ২০তম অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৬-এ (KarateChampion) দুর্দান্ত সাফল্য পেলেন জোড়হাটের এই তরুণী। তিনটি ম্যাচেই জয় তুলে নিয়েছে সেই। যার ফলে তাঁর গলায় উঠেছে সোনার পদক।
ফাইনালেও প্রতিপক্ষকে কার্যত কোনও সুযোগ দেননি জনমণি (Janmoni Konwar)। ১০-২ ব্যবধানে ম্যাচ জিতে নিজের দক্ষতা এবং আত্মবিশ্বাসের প্রমাণ দিয়েছেন তিনি। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই সাফল্য তাঁর দীর্ঘদিনের পরিশ্রম এবং লড়াইয়ের ফল বলেই মনে করছেন ক্রীড়ামহল।
আরও খবর : চোট নিয়ে একের পর এক ধাক্কা, লক্ষ্মণের সঙ্গে বৈঠকে BCCI সচিব
চ্যাম্পিয়নশিপের কয়েক সপ্তাহ আগেই অসমের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে জনমণির পরিবার। জলের তোড়ে ভেসে যায় তাঁদের বাড়ি এবং প্রশিক্ষণের জায়গা। শেষ পর্যন্ত ত্রাণশিবিরে আশ্রয় নিতে হয় পরিবারকে। কিন্তু সেই কঠিন পরিস্থিতিও জনমণির অলিম্পিক স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।
এদিকে বন্যাবিধ্বস্ত অসম পরিদর্শনে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) জানান, রাজ্যের বন্যা সমস্যার স্থায়ী সমাধানে প্রয়োজন বৈজ্ঞানিক পরিকল্পনা। IIT, IIM, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় এবং গৌহাটি বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলিকে কার্যকর প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তাঁর মতে, দীর্ঘমেয়াদি বৈজ্ঞানিক ব্যবস্থাই অসমকে বন্যা ও নদীভাঙনের হাত থেকে স্থায়ী সুরক্ষা দিতে পারে। তবে এসবের মাঝেও সোনার পদক জয় করলেন অসমের ১৭ বছরের জনমণি কনওয়ার।
