ওয়েব ডেস্ক : চীনের তরফে অরুণাচল প্রদেশের বিভিন্ন এলাকার নাম বদলের ধারাবাহিক প্রচেষ্টার মধ্যেই পাল্টা পদক্ষেপ নিল ভারত। অরুণাচলের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় অবস্থিত চীন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গার নামবদল করল নয়াদিল্লি।। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে ওই এলাকাগুলির সঠিক পরিচিতি আরও স্পষ্ট করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
সার্ভে অফ ইন্ডিয়ার মানচিত্রে চিহ্নিত জায়গাগুলির মধ্যে রয়েছে লং জু, মজা, বিসা, ডজো লা, রিজা লা এবং পুকুর লা। তালিকায় রয়েছে থাগ লা-ও। ১৯৬২ সালের ভারত-চীন সংঘাতের সঙ্গে এই এলাকার গুরুত্বপূর্ণ যোগ রয়েছে। পাশাপাশি পূর্ব সীমান্তের কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জয়রামপুরকেও সরকারি মানচিত্রে চিহ্নিত করা হয়েছে।
এছাড়াও জসওয়ন্ত গড়, সম্ভো সরোবর, বড়া কুন্দুন, ছোট কুন্দুন, শিবাজি নগর, কামলাং নগর, সাগর, পদ্মা, জ্যোতিনগর এবং বৈশাখীর মতো একাধিক জায়গা রয়েছে তালিকায়। সীমান্তবর্তী ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিকে সরকারি মানচিত্রে স্পষ্টভাবে চিহ্নিত করার মাধ্যমে ভারতের অবস্থান আরও জোরালো করা হয়েছে।
অরুণাচল নিয়ে চীনের নামবদলের চেষ্টা অবশ্য নতুন নয়। ২০১৭, ২০২১ এবং ২০২৩ সালে একাধিক দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার তথাকথিত নতুন নাম প্রকাশ করেছিল বেজিং। প্রতিবারই সেই দাবি খারিজ করেছে নয়াদিল্লি।
