ওয়েব ডেস্ক : পুলিশের সামনে ভার্চুয়ালি হাজিরা দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। তবে সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। শুনানির সময় বিচারপতি দীপঙ্কর দত্ত মন্তব্য করেন, “স্বাধীনতা সংগ্রামীরা বুকে গুলি সহ্য করেছিলেন, আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন?”
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় তৃণমূল সাংসদকে তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। তবে শীর্ষ আদালত সেই আবেদন গ্রহণ করেনি।
আরও খবর : যন্তর মন্তরের বিক্ষোভে ১২ বছরের নাবালক! অভিজিৎ দীপকে-সৌরভ দাসের বিরুদ্ধে দায়ের পকসো মামলা
প্রসঙ্গত, গত ২১ জুলাই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি সৌগত ভট্টাচার্য মহুয়া মৈত্রকে অন্তর্বর্তীকালীন সুরক্ষা প্রদান করেছিলেন। পাশাপাশি তদন্তে সহযোগিতা করার এবং আগামী ১৪ আগস্ট তদন্তকারী অফিসারের সামনে হাজির হওয়ার নির্দেশও দিয়েছিলেন।
বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি শীল নাগুর বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, তদন্তের মুখোমুখি তাঁকে হতেই হবে। মহুয়ার (Mahua Moitra) আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ আদালতে জানান, তদন্তে সহযোগিতা করতে তাঁর মক্কেলের কোনও আপত্তি নেই। তবে নিরাপত্তার কারণে ভার্চুয়াল বা অনলাইনে হাজিরার অনুমতি চাওয়া হয়েছিল। এ সময় বিচারপতি দীপঙ্কর দত্ত প্রশ্ন করেন, “শুধুমাত্র আপনি একজন সাংসদ বলেই কি এমন সুবিধা চাইছেন?”
জবাবে আইনজীবী শঙ্করনারায়ণ মহুয়া মৈত্রের দিকে অতীতে ডিম ছোড়ার ঘটনার প্রসঙ্গ তুলে বলেন, তিনি সশরীরে হাজির হলে ফের একই ধরনের ঘটনা ঘটতে পারে। এর জবাবে বিচারপতি দীপঙ্কর দত্ত বলেন, “একজন সাংসদের ডিমকে ভয় পাওয়া উচিত নয়। রাজনীতিতে আসার পর ডিমের ভয় পাচ্ছেন কেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো বুকে গুলি সহ্য করেছিলেন।” এরপর মহুয়ার আইনজীবী আবেদনটি প্রত্যাহারের অনুমতি চান। আদালত সেই আবেদন মঞ্জুর করে।
