কলকাতা: চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি না মেলায় এবার সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে আবেদন করেছেন তিনি। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ খারিজ করে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আর্জি জানানো হয়েছে।
অভিষেকের দাবি, তাঁর চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়া অত্যন্ত জরুরি। সেই কারণেই আদালতের কাছে বিদেশ সফরের অনুমতি চাওয়া হয়েছিল। তবে কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। এরপরই আইনি লড়াইয়ে নতুন পদক্ষেপ হিসেবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি।
শুনানির সময় হাইকোর্ট জানিয়েছিল, বিদেশে চিকিৎসার আগে কলকাতার এসএসকেএম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। কিন্তু অভিষেকের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল এসএসকেএমের চিকিৎসকদের কাছে চিকিৎসা করাতে বা মতামত নিতে আগ্রহী নন। সেই প্রেক্ষিতেই হাইকোর্ট বিদেশযাত্রার আবেদন খারিজ করে দেয়।
অভিষেকের আইনজীবী আদালতে আরও দাবি করেন, অতীতে একটি ইডি-সংক্রান্ত মামলায় বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছিলেন তৃণমূল সাংসদ। তাই চিকিৎসার প্রয়োজনীয়তা বিবেচনা করে এবারও একই ধরনের অনুমতি দেওয়া উচিত বলে আদালতের কাছে আবেদন জানানো হয়।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করা হয়। সরকারের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এখনও তদন্ত প্রক্রিয়া চলছে। এই অবস্থায় বিদেশে যাওয়ার অনুমতি দিলে তদন্তে প্রভাব পড়তে পারে। সেই যুক্তিতেই বিদেশ সফরের অনুমতির বিরোধিতা করা হয়।
এখন নজর সুপ্রিম কোর্টের দিকে। হাইকোর্টের নির্দেশ বহাল থাকবে, নাকি চিকিৎসার স্বার্থে বিদেশে যাওয়ার অনুমতি মিলবে— শীর্ষ আদালতের সিদ্ধান্তই নির্ধারণ করবে মামলার পরবর্তী গতিপথ।
