জল্পনার অবসান, ফ্রান্সের জাতীয় দলের কোচ হলেন জিনেদিন জিদান

Must Read

ওয়েব ডেস্ক : দীর্ঘদিনের জল্পনা শেষ করে ফ্রান্সের (France) জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হলেন জিনেদিন জিদান (Zinédine Zidane)। দিদিয়ের দেশঁর বিদায়ের পর ফরাসি ফুটবল ফেডারেশনের প্রথম পছন্দ ছিলেন তিনিই। অবশেষে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। ৫৪ বছর বয়সি জিদান ২০৩০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব পর্যন্ত দলের দায়িত্ব সামলাবেন।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে হারের পর কোচের পদ ছাড়েন দিদিয়ের দেশঁ। টানা ১৪ বছর ফ্রান্সের দায়িত্ব সামলে দেশের ফুটবল ইতিহাসে দীর্ঘতম সময় জাতীয় দলের কোচ থাকার রেকর্ড গড়েন তিনি। তাঁর অধীনে ২০১৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স। আরও দুটি বড় টুর্নামেন্টের ফাইনালেও উঠেছিল দল।

আরও খবর : টেস্ট ক্রিকেটে বিশ্বরেকর্ড জাস্টিন গ্রিভসের

এদিকে, খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান (Zinédine Zidane) কোচ হিসেবেও দারুণ সফল। রিয়াল মাদ্রিদের দায়িত্বে থেকে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের নজির গড়েছিলেন তিনি। ২০২১ সালে রিয়ালের কোচের পদ ছাড়ার পর এই প্রথম কোনও দলের দায়িত্ব নিলেন ফরাসি কিংবদন্তি।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিদান। তিনি বলেন, ফ্রান্সের জাতীয় দলের কোচ হওয়া তাঁর কাছে গর্বের বিষয়। একই সঙ্গে ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতি ফিলিপ ডিয়ালো এবং কার্যনির্বাহী কমিটিকে আস্থা রাখার জন্য ধন্যবাদ জানান। ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রথম পরীক্ষা হবে আগামী ২৫ সেপ্টেম্বর। নেশনস লিগে তুরস্কের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দেখা যাবে তাঁকে।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This