ওয়েব ডেস্ক: শনিবার ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ( Earthquake) কেঁপে উঠল মেক্সিকোর (Mexico) দক্ষিণ উপকূল। কম্পনের তীব্রতা এতটাই ছিল যে, মেক্সিকোর পাশাপাশি গুয়াতেমালা এবং এল সালভাদরের একাধিক এলাকাতেও তা অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই প্রশান্ত মহাসাগরীয় উপকূলের বিস্তীর্ণ অংশে সুনামির সতর্কতা জারি করা হয়।
কম্পনের কেন্দ্রস্থল ছিল মেক্সিকোর (Mexico) চিয়াপাস প্রদেশের পুয়ের্তো মাদেরো বন্দরের অদূরে, গুয়াতেমালা সীমান্ত সংলগ্ন এলাকায়। সম্ভাব্য সুনামির ঝুঁকি বিবেচনায় কেন্দ্রস্থল থেকে প্রায় ৩০০ কিলোমিটার বিস্তৃত উপকূলবর্তী অঞ্চলে সতর্কতা জারি করা হয়েছে।
আরও খবর : মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ ভারতে, মার্কিন হামলায় কাঁপল চাবাহার!
মেক্সিকোর (Mexico) নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের পর সমুদ্রে অস্বাভাবিক ঢেউ এবং স্রোত তৈরি হতে পারে। তাই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সাধারণ মানুষকে সমুদ্রের ধারে না যাওয়ার অনুরোধ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে উপকূলজুড়ে নজরদারিও বাড়ানো হয়েছে।
উল্লেখযোগ্যভাবে, একদিন আগেই ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। ফলে অল্প সময়ের ব্যবধানে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পরপর শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
