ওয়ানাড় ধস ঘিরে রাজনৈতিক তরজা, রাহুল-প্রিয়াঙ্কার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলল বিজেপি

Must Read

নয়াদিল্লি: কেরলের (Kerala) ওয়ানাড়ে সাম্প্রতিক ভূমিধসকে ঘিরে এবার রাজনৈতিক চাপানউতোর তীব্র হল। বিপর্যস্ত এলাকা পরিদর্শনে এখনও পর্যন্ত রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং বর্তমান সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) কেন যাননি, সেই প্রশ্ন তুলে কংগ্রেসকে আক্রমণ করল বিজেপি (BJP)। একই সঙ্গে রাহুল গান্ধীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

এক্স-এ করা একাধিক পোস্টে মালব্য দাবি করেছেন, ২২ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে রাহুল গান্ধীর বিদেশ সফর সম্পর্কে স্পষ্ট তথ্য সামনে আসেনি। তিনি কোথায় ছিলেন, কার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং সেই সফরের খরচ কে বহন করেছে, এই প্রশ্নগুলির জবাব দেওয়া উচিত বলেও মন্তব্য করেন বিজেপি নেতা। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, দীর্ঘ সময় দেশের বাইরে থাকার কারণে ওয়ানাড়ের সাম্প্রতিক বিপর্যয়ের সময় রাহুল গান্ধী কেন সেখানে উপস্থিত ছিলেন না।

 আরও পড়ুন: ‘মাছচোর’ গানের সঙ্গে জনসমক্ষে হাঁটানো, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে হাই কোর্টে শওকত

বিজেপির আরও দাবি, ওয়ানাড়ের বর্তমান সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীও এখনও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাননি। সেই প্রসঙ্গ টেনেই কংগ্রেস নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে গেরুয়া শিবির।

প্রসঙ্গত, গত ৭ জুলাই কাল্লাডি টানেল প্রকল্প এলাকায় ভয়াবহ ভূমিধসে অন্তত সাত জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। মালাপ্পুরম ও ওয়ানাড়কে যুক্ত করার জন্য নির্মীয়মাণ টানেলের কাছে এই দুর্ঘটনা ঘটে। তার আগে ২০২৪ সালের জুলাই মাসে ভয়াবহ ভূমিধসে ওয়ানাড়ে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।

তবে বিজেপির এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি। ফলে ওয়ানাড়ের বিপর্যয়কে কেন্দ্র করে শুরু হওয়া এই রাজনৈতিক বিতর্ক আগামী দিনে আরও জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Latest News

ডিম আক্রমণের ঘটনায়, হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ মহুয়া মৈত্রর

ওয়েব ডেস্ক : ডিম হামলার অভিযোগকে কেন্দ্র করে ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ...

More Articles Like This