১৬ বছর পর কলকাতার দুই থানায় মহিলা ওসি, একসঙ্গে রদবদল ৩৩ ইন্সপেক্টরের

Must Read

কলকাতা: কলকাতা পুলিশের (Kolkata Police) অন্দরে ফের বড়সড় রদবদল। লালবাজারের (Lalbazar) নির্দেশে একসঙ্গে ওসি ও অতিরিক্ত ওসি-সহ মোট ৩৩ জন ইন্সপেক্টরের বদলির নির্দেশ জারি হয়েছে। এই রদবদলে শহরের প্রায় ২০টি থানার ওসি পরিবর্তন করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয়, দীর্ঘ ১৬ বছর পর কলকাতার দুটি থানার দায়িত্ব একসঙ্গে পেলেন দুই মহিলা ইন্সপেক্টর।

নতুন নির্দেশিকা অনুযায়ী, উত্তর কলকাতার সিঁথি থানার ওসি হয়েছেন চামেলি মুখোপাধ্যায়। এর আগে তিনি উল্টোডাঙা মহিলা থানার ওসি ছিলেন। ভোটের আগে কিছু সময়ের জন্য কালীঘাট থানার দায়িত্বও সামলেছিলেন তিনি। অন্যদিকে, চেতলা থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মৌসম চট্টোপাধ্যায়। পাশাপাশি টালিগঞ্জ মহিলা থানার ওসি রূপা সিংকে সরশুনা থানার ওসি করা হয়েছে।

আরও পড়ুন: নিম্নচাপের জোড়া প্রভাবে রাজ্যজুড়ে দুর্যোগ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, উত্তরবঙ্গে কমলা সতর্কতা

এ ছাড়া ভবানীপুর থানার নতুন ওসি হয়েছেন রাজীব চট্টোপাধ্যায়। ভবানীপুর থানা থেকে ইন্সপেক্টর সৌমিত্র বসুকে স্পেশাল টাস্ক ফোর্সে (এসটিএফ) পাঠানো হয়েছে। পার্ক স্ট্রিট থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন অমিত চট্টোপাধ্যায়। ভাঙড় থানার ওসি করা হয়েছে গৌতম রুজকে।

রাজ্যে নতুন সরকারের দায়িত্ব গ্রহণের পর কলকাতা পুলিশের অন্দরে এটি দ্বিতীয় বড় প্রশাসনিক রদবদল। চলতি মাসের শুরুতেই কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের ডেপুটি কমিশনার জাফর আজমল কিদওয়াইকে যুগ্ম পুলিশ কমিশনার পদে উন্নীত করা হয়। একই সঙ্গে এসটিএফের ডেপুটি কমিশনার প্রদীপ কুমার যাদবকে চতুর্থ ব্যাটালিয়নের ডেপুটি কমিশনার হিসেবে নিয়োগ করা হয়।

এর আগে রাজ্য জুড়ে ১০৮ জন আইসির বদলির নির্দেশ জারি হয়েছিল। প্রশাসনিক স্তরে ধারাবাহিক এই রদবদলকে আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করার পদক্ষেপ হিসেবেই দেখছে প্রশাসনিক মহলের একাংশ।

Latest News

বাসে আগুন, ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল! বাংলাদেশে অশান্তির আবহ, আটক ৫১৫

ওয়েব ডেস্ক : বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং ঝটিকা মিছিলের ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের (Bangladesh) পরিস্থিতি। জানা যাচ্ছে , ঢাকা-সহ...

More Articles Like This