ওয়েব ডেস্ক : জম্মু ও কাশ্মীরে (Jammu & Kashmir) সন্ত্রাসবিরোধী অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সোপিয়ানের (Shopian) সাতটি গ্রামজুড়ে টানা পাঁচ দিন ধরে চলা চিরুনি তল্লাশির পর লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকির গানাই নিহত হয়েছে। বুধবার তার দেহ উদ্ধার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ (Police)। গোয়েন্দা সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা এই জঙ্গির মৃত্যু উপত্যকায় জঙ্গি নেটওয়ার্কের জন্য বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, গত ৩ জুলাই সোপিয়ানের একটি ফলের বাগান এলাকায় নজরদারি ক্যামেরায় জাকির গানাই ও লতিফ ভাটের গতিবিধি ধরা পড়ে। দু’জনের পরিচয় নিশ্চিত হওয়ার পরই সেনা, পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার যৌথবাহিনী অভিযান শুরু করে। সোপিয়ানের সাতটি গ্রাম ঘিরে টানা পাঁচ দিন তল্লাশি চালানোর পর জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়।
আরও খবর : বিদেশযাত্রা আরও নিরাপদ, দেশে ধাপে ধাপে চালু ই-পাসপোর্ট
অভিযানের শেষ পর্যায়ে একটি ফলের বাগানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়। বাহিনীর দাবি, প্রথমে জঙ্গিরাই গুলি চালায়। পালটা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের পালানোর সম্ভাব্য সব রাস্তা আগেই সিল করে দেওয়া হয়েছিল। রাতভর অভিযান চালাতে এলাকায় অতিরিক্ত আলোর ব্যবস্থাও করা হয়। দীর্ঘ সংঘর্ষের পর জাকির গানাই নিহত হয়।
জাকিরের মৃত্যুর পর দ্বিতীয় জঙ্গি লতিফ ভাটের খোঁজে এখনও অভিযান চালানো হচ্ছে। পুলিশ (Police) জানিয়েছে, ২০২৪ সালে লস্কর-ই-তইবায় যোগ দিয়েছিল জাকির এবং কাশ্মীরে একাধিক জঙ্গি হামলার সঙ্গে তার যোগ ছিল। অন্যদিকে, লতিফ ভাটও গত বছর জঙ্গি সংগঠনে যোগ দেয়। তাকে দ্রুত গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থাগুলি।
দেখুন অন্য খবর :
