বীরভূম: বীরভূমের (Birbhum) বোলপুরে (Bolpur) তৃণমূল কংগ্রেসের (TMC) জেলা দলীয় কার্যালয় ঘিরে মঙ্গলবার উত্তেজনা ছড়াল। অভিযোগ, বিজেপির (BJP) যুব মোর্চার নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোলপুর থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রের দাবি, প্রথমে দলীয় কার্যালয়ে ভাঙচুরের গুজব ছড়িয়ে পড়ে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরে দেখা যায়, বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাসের নেতৃত্বে কর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি প্রধান গেট-সহ একাধিক দরজায় তালা ঝুলিয়ে দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।
উত্তরবঙ্গে লাল সতর্কতা, পাহাড়ে ধসের আশঙ্কা! – KolkataTV
অরুণ দাসের দাবি, বোলপুরে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে এবং বর্তমান পরিস্থিতিতে ওই দলীয় কার্যালয়কে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করার চেষ্টা চলছে। তাঁর আরও অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর শহরে যে অশান্তির ঘটনা ঘটেছিল, তার নির্দেশ ওই কার্যালয় থেকেই দেওয়া হয়েছিল। তবে এই অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ তিনি প্রকাশ্যে পেশ করেননি।
ঘটনা প্রসঙ্গে বিজেপির বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, গোটা বিষয়টি সম্পর্কে বিস্তারিত জেনে তবেই তিনি মন্তব্য করবেন। একই সঙ্গে তাঁর দাবি, অতীতে বিজেপির একাধিক দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও তালা ঝোলানোর ঘটনা ঘটেছে। সেই অভিযোগে তিনি তৃণমূলকে দায়ী করেন।
এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে। ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হলেও আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন তৎপর রয়েছে।
