ওয়েব ডেস্ক : অবিরাম বর্ষণে (Rain) কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ (Himachal Pradesh)। পাহাড়ি রাজ্যের একাধিক জেলায় টানা বৃষ্টির জেরে ধস ও হড়পা বানের ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৪ জনের মৃত্যুর (Death) খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। উদ্ধারকারী দল যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি চালালেও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে বারবার বাধার মুখে পড়তে হচ্ছে।
রাজ্য প্রশাসনের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রাকৃতিক দুর্যোগে (Natural disaster) সরকারি ও বেসরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে। ভেঙে গিয়েছে বহু রাস্তা, ক্ষতিগ্রস্ত হয়েছে সেতু ও অন্যান্য পরিকাঠামো। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের পরিষেবাও ব্যাহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই কয়েক কোটি টাকায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। জানা যাচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি ও নদী সংলগ্ন অঞ্চলগুলি। প্রবল স্রোতে একাধিক যানবাহন ভেসে গিয়েছে, অনেক জায়গায় ধসে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকাগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও খবর : প্রতিরক্ষা শক্তি বাড়াতে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র, কেনা হতে পারে এক লক্ষ কোটি টাকার অস্ত্র!
রাজ্যের দুর্যোগ মোকাবিলা বাহিনী, পুলিশ, প্রশাসন এবং উদ্ধারকারী সংস্থাগুলি যৌথভাবে ত্রাণ ও উদ্ধার অভিযান চালাচ্ছে। পাশাপাশি আবহাওয়া দফতরের ভারী বৃষ্টির পূর্বাভাসের জেরে জেলা প্রশাসনগুলিকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। পাহাড়ি এলাকায় অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শও দেওয়া হয়েছে।
বর্ষা এখনও সক্রিয় থাকায় আগামী কয়েকদিন পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সম্ভাব্য বিপদ মোকাবিলায় প্রশাসন আগাম প্রস্তুতি জোরদার করেছে। সাধারণ মানুষকে সরকারি নির্দেশিকা মেনে চলার আবেদন জানিয়েছে।
দেখুন অন্য খবর :
