30.9 C
Kolkata

SIR-এ বাদ পড়াদের সরকারি সুবিধা বন্ধের অভিযোগ, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা

Must Read

কলকাতা: বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদের সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। পশ্চিমবঙ্গ খেতমজদুর সমিতির পক্ষ থেকে দায়ের করা এই মামলায় অভিযোগ করা হয়েছে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার কারণে বহু মানুষ রেশন, অন্নপূর্ণা যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।

মামলার শুনানিতে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারকে আগামী ২১ জুলাইয়ের মধ্যে এ বিষয়ে বিস্তারিত অবস্থান জানাতে নির্দেশ দিয়েছে।

ভোট-পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল, আগাম জামিনের আবেদন – KolkataTV

রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে জানান, বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন। SIR প্রক্রিয়ায় কারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন এবং তাঁদের মধ্যে কারা রেশন বা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাচ্ছেন না, তা যাচাই করে আদালতে রিপোর্ট জমা দেওয়া হবে।

মামলাকারীদের দাবি, রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির ভিত্তিতে SIR-এর তথ্য ব্যবহার করে সরকারি সুবিধা নির্ধারণ করা হচ্ছে। এর ফলে প্রান্তিক মানুষ, শ্রমিক, পরিযায়ী শ্রমিক এবং বহু সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাঁদের বক্তব্য, জাতীয় খাদ্য নিরাপত্তা আইন, ২০১৩ অনুযায়ী যোগ্য ব্যক্তিদের স্বল্পমূল্যে খাদ্য পাওয়ার অধিকার রয়েছে এবং এই সিদ্ধান্ত সেই আইনের পরিপন্থী হতে পারে।

উল্লেখ্য, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে। এছাড়া আরও প্রায় ২৭ লক্ষ নাম বিভিন্ন কারণে যাচাইয়ের পর্যায়ে রয়েছে। এই পরিস্থিতিতে সরকারি সুবিধা প্রাপ্তি নিয়ে তৈরি হওয়া জটিলতাই এখন আদালতের বিচারাধীন।

Latest News

কালীঘাটে মমতার বাড়িতে জয়া বচ্চন

কলকাতা: এবার কলকাতার (Kolkata) কালীঘাটে (Kalighat) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে দেখা করলেন রাজ্যসভার সদস্য ও অভিনেত্রী জয়া...

More Articles Like This